‘গাজায় ইসরায়েলি গণহত্যা হিটলারের বর্বরতার আরেক দৃষ্টান্ত’

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৬:৩৫ পিএম

গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় কমিটি।

সোমবার সংগঠনটির সভাপতি অধ্যাপক আকমল হোসেন ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান এক বিবৃতিতে গাজায় সামরিক হামলাসহ খাদ্য-পানি-বিদ্যুৎ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ বন্ধ করে পরিকল্পিত গণহত্যা ও সর্বাত্মক ধ্বংসযজ্ঞ চালানোর ঘটনার প্রতিবাদ জানানো হয়।

তারা বলেন, গাজার অর্ধেক জনসংখ্যা ১১ লাখ মানুষকে ২৪ ঘণ্টার মধ্যে বাসস্থান ত্যাগ করার ইসরায়েলি হুকুম এবং বিরামহীন বোমাবর্ষণে গাজার সকল বেসামরিক অবকাঠামোকে ধ্বংস করা ঠাণ্ডা মাথায় ইতিহাসের ঘৃণ্যতম যুদ্ধপরাধ ছাড়া আর কিছু নয়। নাৎসী হিটলারের বর্বরতাকে হার মানানোর আরেকটি দৃষ্টান্ত স্থাপনকারী ইসরায়েলি আক্রমণকে অবিলম্বে বন্ধ করতে সারা বিশ্বকে সক্রিয় উদ্যোগ নিতে তারা আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ঐতিহাসিকভাবে জায়নবাদী ও বর্ণবাদী ইসরায়েল রাষ্ট্রের সকল অপরাধকে মদতদাতা আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন এবারও কালবিলম্ব না করে সামরিক এবং নৈতিক ও বস্তুগত সহায়তা নিয়ে নগ্নভাবে ইসরায়েলি দখলদারিত্ব ও যুদ্ধাপরাধের সমর্থনে এগিয়ে আসায় এবং একই সাথে তাৎক্ষণিকভাবে গাজায় সকল মানবিক সহায়তা বন্ধ করার ঘটনায় ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় কমিটি সাম্রাজ্যবাদী দেশগুলোর প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেছে। অন্যদিকে, স্পেন ও আয়ারল্যান্ডের মতো গুটিকয় দেশ গাজার অধিবাসীদের জন্য সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ায় তাদের উদ্যোগের প্রশংসা করা হয়েছে বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের গাজায় ইসরায়েলি হামলা বিষয়ে প্রদত্ত বিবৃতিটি বাংলাদেশের আরব রাষ্ট্র সংক্রান্ত পররাষ্ট্রনীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ। বাংলাদেশী পাসপোর্ট থেকে বাংলাদেশী নাগরিকদের কার্যত ইসরায়েল ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সরকারি সিদ্ধান্তকে প্রাসঙ্গিকভাবে নিন্দা জানিয়ে নিষেধাজ্ঞাজ্ঞাপক নির্দেশনাটি পুনঃপ্রবর্তন করার জোর দাবি জানিয়েছে জাতীয় কমিটি। এ ছাড়া অবিলম্বে ইসরাইলের বর্বরতাকে নিন্দা জানিয়ে গাজাবাসীর পাশে বাংলাদেশের দৃঢ় অবস্থান ও সংহতি ব্যক্ত করার দাবি করা হয়েছে বিবৃতিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত