মেজর লিগ সকারে ইন্টার মায়ামি প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেনি। আর দুই ম্যাচ পর মায়ামির সামনে কোনো খেলা নেই। গুঞ্জন উঠেছিল ম্যাচ ফিটনেস ধরে রাখতে আমেরিকায় মৌসুম বিরতির সময় ধারে ইউরোপে ফিরতে পারেন। কিন্তু মেসি নিজে তা নাকচ করে দিয়েছেন।
বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ে জোড়া গোলে পেরুকে হারানোর পর মেসি বলেছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তিনি বলেন, 'বিষয়টা লজ্জার যে আমরা (এমএলএস প্লে-অফে খেলার) যোগ্যতা অর্জন করতে পারিনি। আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম। আমি শেষ কয়েকটি ম্যাচ মিস করেছি, সঙ্গে দলে কয়েকজনের ইনজুরি ছিল। জুলাই মাসটি আমাদের জন্য খুব কঠিন ছিল, আমরা প্রতি তিন দিন খেলেছি, আমরা ভ্রমণ করেছি। কিন্তু আমরা একটি টুর্নামেন্ট জিতেছি যা ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ এবং আগামী মৌসুমের জন্য।'
এমএলএসে মায়ামির শেষ দুটি ম্যাচে শার্লটের সঙ্গে। এক বাংলাদেশ সময় কাল ভোরে, আরেকটি ২২ তারিখে ভোরে। এই দুই ম্যাচ জিতলেও প্লে-অফে খেলার কোনো সুযোগ নেই। তবুও ২২ তারিখের ম্যাচে মেসি খেলবেন। জানিয়েছেন, 'আমি অনুশীলন করবে। আমাদের আসন্ন ম্যাচে খেলব এবং নভেম্বরে (উরুগুয়ে ও ব্রাজিল) এর বিপক্ষে খেলার জন্য ফিটনেসকে সম্ভাব্য সর্বোত্তম জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো।'
তারপর? মেসি বললেন, 'এরপর আমি আর্জেন্টিনায় ছুটি উপভোগ করব। এবারই প্রথম অনেক দিন ছুটি কাটাবো, মানসিক প্রশান্তির জন্য। এরপর জানুয়ারিতে, আমি আবার (মায়ামির) প্রাক মৌসুম অনুশীলনে ফিরবো। গোড়া থেকে শুরু করবো আবার। এবং সম্ভাব্য সেরা প্রস্তুতি নেবো।'
নভেম্বরে ইন্টার মায়ামি চীন সফরে আসবে। সেই সফরে মেসি থাকবেন কিনা নিশ্চিত নয়। ১৭ ও ২২ নভেম্বর উরুগুয়ে ও ব্রাজিলের সঙ্গে বিশ্বকাপ বাছাই ম্যাচ আছে আর্জেন্টিনার।