ফরাসি ক্লাব পিএসজিতে শেষদিকে সময়টা একদমই ভালো কাটেনি লিওনেল মেসির। প্যারিসের দলটির সমর্থকদের দুয়োও শুনতে হয়েছিল তাকে। সেই মেসির হাতেই প্যারিসে গতরাতে তুলে দেওয়া হয় ব্যালন ডি’অর। আর্জেন্টাইন তারকার মতে, এতে খুশি হওয়ার কথা নয় প্যারিসের জনগণের।
ফ্রান্সের রাজধানী প্যারিসে কাল অনুষ্ঠিত হয় জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে ২০২৩ ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড় হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। রেকর্ড অষ্টমবারের মতো পুরস্কারটি জেতেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার।
প্যারিসে এসে ব্যালন ডি’অর জেতা নিয়ে মেসিকে জিজ্ঞাস করা হলে তিনি বলেন, ‘আমার মনে হয় না, প্যারিসের মানুষ সত্যিই চায় তাদের সামনে আমাকে ব্যালন ডি’অর দেওয়া হোক।’
মেসিকে পিএসজি ছাড়া করতে এক পর্যায়ে প্রতিবাদও করেছিল প্যারিসের জনগণ। পিএসজির সঙ্গে চুক্তি শেষে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের দল ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টিনা ফরোয়ার্ড।
