জালিয়াতির মাধ্যমে বাড়ির জমিকে বিলের জমি দেখিয়ে কম মূল্যে রেজিস্ট্রি করার অভিযোগে গাজীপুরের চারজন সাবেক সাব রেজিস্ট্রারসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার বাদী হয়ে দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, গাজীপুরের কালিয়াকৈর সাবেক সাব-রেজিস্ট্রার (বর্তমানে কালিগঞ্জ) খোন্দকার গোলাম কিবরিয়া, সাবেক-সাব রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম, আনেয়ারা বেগম ও মো. মোজাহেরুল ইসলাম, দলিল লেখক মো. নাসির উদ্দিন, কালিয়াকৈর থানার কোটামনি গ্রামের আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলাম, তার স্ত্রী লাকী রেজওয়ানা, একই গ্রামের মো. আব্দুর রাজ্জাক ও মো. রাসেল মিয়া এবং বড় গ্রামের বাসিন্দা ইব্রাহিম মৃধা।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজস করে জালিয়াতির মাধ্যমে ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে চালা, নাল, বাগান ও বাড়ির জমির শ্রেণি পরিবর্তন করে বাইদ (বিল) জমি হিসেবে জাল নামজারি ও খাজনার রশিদ সৃষ্টি করে। পরে এসব জমি ১৪টি দলিলে প্রকৃত মৌজা মূল্য থেকে কম মূল্য দেখিয়ে রেজিস্ট্রি সম্পন্ন করা হয়। শ্রেণির পরিবর্তনের মাধ্যমে কম মূল্যে জমি রেজিস্ট্রি করায় সরকারের ১২ লাখ ৮৮ হাজার ৮৭২ টাকার রাজস্ব ক্ষতি হয়। দুদকের অনুসন্ধান অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
