অষ্টম বারের মতো ব্যালন ডি'অর জিতেছেন লিওনেল মেসি। ব্যালন ডি'অর জয়ী বাছাই করা হয়েছে ফিফা র্যাংকিংয়ে থাকা বিশ্বের ১০০ দেশের নির্বাচিত সাংবাদিকের ভোটের মাধ্যেমে। ইংল্যান্ড থেকে এবার ব্যালন ডি'অরে ভোট দিয়েছেন হেনরি উইন্টার।
দ্য টাইমসের প্রধান ফুটবল লেখক হেনরি জানিয়েছেন, তিনি মেসিকে শীর্ষে রেখে ভোট দিয়েছেন। কেন হালান্ড বা এমবাপ্পে নয় মেসিকে এক নম্বর হিসেবে রেখেছেন সেই ব্যাখা দিয়েছেন ইংলিশ এই সাংবাদিক।
উইন্টার বলেন, 'ইংল্যান্ডের হয়ে ব্যালন ডি'অরে ভোট দিতে গিয়ে আমি দীর্ঘ সময় ভেবেছি আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। তাদের পরিসংখ্যান ঘেটেছি এবং সেরা মূহুর্তগুলোর ভিডিও ক্লিপ দেখেছি। তারপর মেসিরটা দেখেছি। আমি ব্যালন ডি'অর নির্বাচনের ক্ষেত্রে চ্যাম্পিয়নস লিগ ও টুর্নামেন্ট জয়ে গুরুত্ব দিয়েছি। ট্রফি জিততেই ফুটবল খেলা হয়, আর মেসি কাতারে যে পারফরম্যান্স করেছে সেই কারণেই আমি তাকে প্রথম স্থানে রেখে ছয় পয়েন্ট দিয়েছি।'
মেসিকে নিয়ে প্রশংসা করে ইংলিশ এই সাংবাদিক আরও বলেন, 'মেসি একটি মিশনে গিয়েছিল সেখানে (কাতারে), বিশ্বকাপ জিতে সেটি পূরণ করেছে। মেসির ক্যারিয়ারে চারটি চ্যাম্পিয়নস লিগ ছিল তবে কাতারে তার এটি (বিশ্বকাপ) জেতাটা দরকার ছিল।'
৩০ জনের তালিকায় ইংল্যান্ডের খেলোয়াড়রা থাকলেও সেরা পাঁচে তাদের রাখেননি উইন্টার। কেন রাখেননি সেই প্রশ্নের উত্তরে বলেন, 'উত্তরটা সহজ, মাইকেল ওয়েনের ২০০১ সালের সেই মৌসুমের পর আর কেউই অতোটা ভালো করতে পারেনি।'
