বেতন বাড়ানোর দাবিতে গত কয়েকদিনের ন্যায় আজ বুধবারও রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। আজ সকালে রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন সড়কে লাঠিসোঁটা নিয়ে নামেন অনেক পোশাকশ্রমিক। এসময় তারা কয়েকটি পোশাক কারখানা ও দোকানপাটে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। তাঁরা মজুরি বাড়ানোর দাবি জানাচ্ছেন। শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদ জানাচ্ছেন। শ্রমিকদের ওপর হামলার বিচার দাবি করছেন।
সকাল থেকে ১০ নম্বর গোল চত্বরে লাঠি হাতে অবস্থান নিয়ে তাঁরা সড়কের প্রতিটি প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন। এই সড়কে এখন রিকশা, সিএনজি অটোরিকশা ও মোটরবাইক চলাচল করলেও বড় কোনো বাস চলাচল করতে পারছে না।
পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘শ্রমিকেরা তাঁদের দাবিদাওয়া নিয়ে আন্দোলন করছেন। এটা তাঁদের ন্যায্য দাবি। এই দাবি পূরণে সংশ্লিষ্টরা কথাও বলছেন। তাঁদের দাবি পূরণ হলেই রাস্তা ছেড়ে চলে যাবেন।’