বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারত পেঁয়াজ রপ্তানিতে দর বেঁধে দিয়েছে। এরপর আমাদের ট্যাক্স আছে। এ কারণে ভারতীয় পেঁয়াজ দেশে পৌঁছে ১১০-১১৫ টাকা হয়ে যায়। এ ছাড়া দেশি পেঁয়াজের মজুত প্রায় শেষের দিকে। নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত আরও এক মাস একটু কষ্ট করতে হবে।
আজ বুধবার সকালে রংপুরে একটি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অস্থির নিত্য পণ্যের বাজার স্বস্তির হতে আরও এক মাস সময় লাগবে। ইতোমধ্যে ডিম আমদানির বিষয়টি চূড়ান্ত হলেও কিছু টেকনিক্যাল কারণে সময় পিছিয়েছে। আলু আমদানিতেও তৎপর রয়েছে মন্ত্রণালয়। আমদানি ও রপ্তানিকারকরা এগিয়ে আসলে তাদের সহযোগিতা করা হবে।
শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক দুই পক্ষের সঙ্গেই আলোচনা চলছে। পার্শ্ববর্তী দেশগুলোর মজুরি কাঠামো যাচাই করা হচ্ছে। ডিসেম্বরের শুরুতে তা কার্যকর করা হবে। এখন যারা বিশৃঙ্খলা করছেন তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে করছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এরপর যে কারখানায় এমন অরাজকতা করা হবে সেটি বন্ধ করে দেওয়া হবে।
শুধু আওয়ামী লীগ সরকার পোশাকশ্রমিকদের নিয়ে ভেবেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এটা নিয়ে প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে। ১৬০০ টাকার বেতন তিনি ৮ হাজারে নিয়ে গেছেন। এবারও সম্মানজনক বেতন বৃদ্ধি করা হবে।
