বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে শূকরের হৃদযন্ত্র নিজের শরীরে প্রতিস্থাপন করেছিলেন মার্কিন নাগরিক লরেন্স ফসেট। তবে পরীক্ষামূলক সেই প্রতিস্থাপন অস্ত্রোপচারের ৪০ দিন পর মারা গেলেন তিনি।
বুধাবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সিএনএন।
প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় সোমবার (৩০ অক্টোবর) মারা যান তিনি। মৃত্যুকালে এই মার্কিন নাগরিকের বয়স হয়েছিল ৫৮ বছর।
ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অব মেডিসিন জানায় যে, তার দেহে জিনগতভাবে পরীক্ষা-নিরীক্ষা করে শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপিত করা হয়েছিল। গত ২০ সেপ্টেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে প্রতিস্থাপন করা হয় সেটি। এরপর প্রথম কিছু দিন তিনি সুস্থ থাকলেও সম্প্রতি হৃদযন্ত্রের কাজে কিছু সমস্যা দেখা দেয়।
শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপনের দেড় মাস বা ছয় সপ্তাহ তিনি সুস্থ থাকলেও সোমবার মারা যান।
হাসপাতাল থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পর ফসেটের শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। তিনি ফিজিক্যাল থেরাপির পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। কিন্তু সম্প্রতি তার দেহে প্রতিস্থাপিত হৃদযন্ত্র থেকে জটিলতা দেখা দেয়। আর সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রবীণ নৌ সেনা ফসেট ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের সাবেক ল্যাব টেকনিশিয়ান। শারীরিক প্রতিকূলতার জন্য তার দেহে মানুষের হৃদযন্ত্র প্রতিস্থাপন সম্ভব হয়নি। কারণ হার্ট ট্রান্সপ্লান্টেশনের আগেও হার্ট ফেইলরের সম্ভাবনা দেখা দিয়েছিল ফসেটের ক্ষেত্রে।
স্বামীর মৃত্যুর পর এক বিবৃতিতে স্বামীর যত্নের সাথে জড়িতদের ধন্যবাদ জানিয়েছেন ফসেটের স্ত্রী অ্যান ফসেট।
