নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) উগ্র অংশ ‘নব্য জেএমবি’র শীর্ষ নেতা আবু বকর সিদ্দীক ওরফে আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ। আজ শনিবার রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুর রহমান চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বিস্ফোরক তৈরির ডেটোনেটর, সংগঠনের কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও নব্য জেএমবির আদর্শ প্রচারকারী পত্রিকার একাধিক কপি জব্দ করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তার আবদুল্লাহ নব্য জেএমবি’র শীর্ষ নেতা। তিনি ও তার সহযোগীরা নব্য জেএমবির আদর্শে উজ্জীবিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণের উদ্দেশ্যে ঘটনাস্থলে মিলিত হয়েছিলেন।
আতিকুর রহমান চৌধুরী বলেন, আবদুল্লাহ এর আগে নব্য জেএমবির নেতা হিসেবে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। জামিনে মুক্তির পর তিনি পুনরায় সংগঠনের কাজে সক্রিয় হন। তাৎক্ষণিকভাবে তার নিকট হতে জব্দকৃত মোবাইল ফোন পর্যবেক্ষণ করে দেখা যায়, টর ব্রাউজারসহ বিভিন্ন অ্যাপস এবং নব্য জেএমবির আদর্শ সমর্থনমূলক বিভিন্ন পিডিএফ ও অন্যান্য তথ্য রয়েছে।