কাশ্মীরে মোহনীয় শরতের ছোঁয়া, নতুন রূপে ভূস্বর্গ

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৬:৫৮ পিএম

পৃথিবীর স্বর্গে শরতের ছোঁয়া লেগে গেছে। এই সময়ে প্রাকৃতিক সৌন্দর্যে নতুন রূপে সেজে উঠেছে কাশ্মীর। ঋতু পরিবর্তনের ছোঁয়ায় কাশ্মীরের মুঘল উদ্যানসহ অন্যান্য এলাকার সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সৌন্দর্য আগের তুলনায় বৃদ্ধি পাওয়ায় এখানে পর্যটকের সংখ্যা বাড়ছে। 

পর্যটকরা সারা বছরই, সব ঋতুতেই কাশ্মীরের যান। কিন্তু এই ভূস্বর্গে শরৎ ঋতুর নিজস্ব আলাদা আকর্ষণ শক্তি রয়েছে। শরতে ভূস্বর্গের বিখ্যাত মুঘল উদ্যানগুলো, চিনার গাছগুলো তাদের সোনালি ও বাদামী বর্ণে সজ্জিত হয়ে ওঠে। শহুরে জীবনের জঞ্জাল থেকে মুক্তি পেতে, একটু প্রশান্তি পেতে প্রকৃতি প্রেমীদের জন্য আশ্রয়স্থল হয়ে উঠে ভারতের সুইজারল্যান্ড খ্যাত এই অঞ্চলটি। 

কাশ্মীরের শরৎ ঋতু স্থানীয়ভাবে ‘হারুদ’ নামে পরিচিত। ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরে কাশ্মীর উপতক্যায় মাঠে মাঠে ছেয়ে যায় বেগুনী রঙ্গের জাফরান ফুল। এই ঋতুতে লাল, কমলা এবং হলুদ রঙের প্রাণবন্ত ছায়ায় আঁকা এক ক্যানভাসে রূপান্তরিত হয় কাশ্মীর। এগুলো প্রত্যেক মানুষকেই আকর্ষণ করে, বিশেষ করে পর্যটকদের। 

তাই শরতে বিভিন্ন দেশের পর্যটকরা ‘নিশাত’ ও ‘শালিমার’সহ মুঘল উদ্যানগুলোতে যেতে পছন্দ করেন। কারণ সেই এলাকাগুলোতে দীর্ঘ চিনা গাছের বাদামী এবং ঝলমলে পাতা বাগানের সৌন্দর্য বাড়িয়ে তোলে। বর্তমানে কাশ্মীরে প্রচুর পর্যটক যাচ্ছেন বলে জানিয়েছে ভারতের স্থানীয় গণমাধ্যম। সেখানে তারা ভালো সময় কাটাচ্ছেন। আর বিমোহিত পর্যটকরা ফিরছেন চিনা গাছের ছায়ায় স্মরণীয় অ্যালবাম নিয়ে। সূত্র: এএনআই

×
সর্বশেষ সর্বাধিক পঠিত