বিষাক্ত মদ পান করে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে ভারতের হরিয়ানায়। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন কংগ্রেস নেতা এবং অন্যজন জননায়ক জনতা পার্টির এক নেতার পুত্র। শনিবার (১১ নভেম্বর) এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা যায়, যমুনানগরের মান্দেবাড়ি, পাঞ্জেতো কা মজরা, ফুসগড় এবং সরন গ্রামে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আম্বালা জেলাতেও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিষাক্ত মদ খেয়েই তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় মৃত এক বৃদ্ধের পুত্র রণবীর বলেছেন, গত রাতে মদ্যপান করে আমার বাবার মৃত্যু হয়েছে। উনি মাদকাসক্ত ছিলেন। কিন্তু কম পরিমাণে মদ্যপান করতেন।
এই ঘটনায় মদ বিক্রেতার বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মদ বিক্রেতাদের বিরুদ্ধে মুখ খুলতে তারা ভয় পাচ্ছে বলে দাবি করেছেন স্থানীয়দের একাংশ।
এক গ্রামবাসী জানান, ‘ভীত সন্ত্রস্ত আমরা। যদি প্রতিবাদ করি, তা হলে আমাদের জীবন যেতে পারে।
পুলিশ আরও জানিয়েছে, বৃহস্পতিবার আম্বালায় মদ্যপান করে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের দুই শ্রমিকের। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।