৩৯ মালা নিয়ে আমেনাকে ৫ হাজার টাকা উপহার দেন প্রধানমন্ত্রী

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৮:২৮ পিএম

স্বামী হারা ৪০ বছর বয়সী আমেনা খাতুন কক্সবাজার শহরের কলাতলীর কলাতলী ঝিরঝিরি পাড়া গ্রামে বসবাস করেন। সামুদ্রিক ঝিনুকের মালা বিক্রি করে ৪ মেয়ের লেখাপড়া খরচসহ সংসার চালান তিনি। তিনিও ছিলেন দোহাজারি-কক্সবাজার রুটের উদ্বোধনী ট্রেনে প্রধানমন্ত্রীর সহযাত্রী। আর সেখানেই ঝিনুক পণ্যের ঢালা সাজিয়েছিলেন আমেনা।

ট্রেন যখন রামুর পথে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বগিতে আসেন এবং আমেনা খাতুনের কাছ থেকে ৩৯টি মালা কিনেন। নিজের জন্য ৪টি রেখে বাকি মালা সফর সঙ্গীদের উপহার দেন প্রধানমন্ত্রী। আমেনা খাতুন বলেন, ‘ট্রেন যখন ছুটছে তখন হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানতে চান পণ্যের দাম। পরে আমার কাছ থেকে ৩৯টি মালা নেন এবং ৫ হাজার টাকা দেন। বলেন এটা দাম নয় উপহার।’

তিনি আরো বলেন, ‘একই বগিতে আমার ৯ বছর বয়সী মেয়ে তাহাবিয়া প্রিয়া ছিলেন। ওর কাছ থেকে দুটো শামুক নিয়েছেন এবং তাকেও ৫ হাজার টাকা দিয়ে মাথায় হাত বুলিয়ে দেন প্রধানমন্ত্রী।’ 

এই দিনটি ভুলা সম্ভব নয় জানিয়ে আমেনা বলেন, একজন সরকারপ্রধান আমার সাথে কথা বলেছেন, ‘আমার মেয়ের মাথায় হাত রেখেছেন। এর চেয়ে বেশি কিছু আমার মত নারীর চাওয়ার নেই। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত