ভাষানটেককে গুলশানের চেয়েও সুন্দর করে সাজানোর ঘোষণা মেয়র আতিকের

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৬:১৯ পিএম

ভাষানটেক এলাকাকে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে গুলশানের চেয়েও সুন্দরভাবে সাজানোর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। রবিবার দুপুরে রাজধানীর ভাষানটেক এলাকায় নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ের সময় এই ঘোষণা দেন। 

ডিএনসিসি মেয়র বলেন, `ভাষানটেক এলাকাটি বেশি কয়েকটি টেক নিয়ে গঠিত। এখানে রয়েছে আলব্দীরটেক, বাইগারটেক, মানিকদী। এসব এলাকা ঢাকা শহরের অন্য এলাকার তুলনায় অনেক নিচু। বৃষ্টির সময় উঁচু এলাকার পানি নেমে এই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই মাস্টার প্লানের মাধ্যমে প্রতিটি সড়কের নর্দমা নির্মাণ করে ভাষানটেক এলাকায় পরিকল্পিত উন্নয়ন করা হবে। খালপাড়ে সাইকেল লেন ও সবুজায়ন করা হবে।' 

তিনি বলেন, ভাষানটেক এলাকাকে সাজাতে সার্বক্ষণিক আমার সঙ্গে চেষ্টা করে যাচ্ছেন এ এলাকার সংসদ সদস্যসহ কাউন্সিলরবৃন্দ। তবে এলাকাবাসীকে অনুরোধ করছি আপনারা সড়ক নির্মাণের জন্য অনন্ত ২০ ফুট প্রশস্ত জায়গা ছেড়ে দেবেন। ২০ ফুটের নিচে সড়ক নির্মাণ করলে অগ্নিকাণ্ড হলে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারে না, অ্যাম্বুলেন্স যেতে পারে না। এমনকি লাশের গাড়ি পর্যন্ত প্রবেশ করতে পারে না। অতএব কোনো সড়ক ২০ ফুট প্রশস্ত না হলে সেটি সিটি করপোরেশন নির্মাণ করবে না; সেই সড়ক নির্মাণ করে কোনো লাভও হবে না। 

মেয়র বলেন, দেখেন ২০ বছর আগে এই এলাকায় জনসংখ্যা কত ছিল আর এখন কতো? বিপুল এই জনসংখ্যার জন্য কার্যকরী টেকসই সড়ক নির্মাণ করতে হবে। প্রতিটি সড়কে নর্দমা নির্মাণ করতে হবে। ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের জন্য কেউ জায়গা না ছাড়লে সংসদ সদস্য ও কাউন্সিলররা তাদের সঙ্গে আলোচনা করুন। তাদের বোঝাবেন এই প্রশস্ত সড়ক মেয়রের জন্য না, সংসদ সদস্য বা কাউন্সিলরের জন্য না। প্রশস্ত রাস্তা হবে জনগণের জন্য। 

অন্যান্যের সঙ্গে আরো উপস্থিত ছিলেন- ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত, ডিএনসিসির ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জহির আহমেদ, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সাহিদা আক্তার শীলা, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত