জামালপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০১:০২ পিএম

জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কা আহত সাংবাদিক গোলাম মোস্তফা বাবুলের (৬২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ১২.০৫ মিনিটে তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম।

জানা যায়, গত শনিবার (৪ নভেম্বর) বিকাল ৪টার দিকে সরিষাবাড়ি পৌর শহরের স্টেশন রোড এলাকায় দুর্ঘটনায় আহত হন সাংবাদিক মোস্তফা বাবুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠিয়ে দেন। পরে ওই দিন রাতেই জামালপুর ডায়াবেটিকস হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার তার মৃত্যু হয়। নিহত সাংবাদিক মোস্তফা বাবুল বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জামালপুর জেলা সংবাদদাতা ছিলেন। আগে তিনি দৈনিক জনকণ্ঠ ও কালেরকন্ঠ পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘সাংবাদিক মোস্তফা বাবুল ব্যক্তিগত কাজে উপজেলার চাপারকোনা এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে তিনি ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনে জামালপুর থেকে সরিষাবাড়ি স্টেশনে যায়। সেখান তিনি ব্যাটারি চালিত অটোরিকশা উঠেন। এ সময় পিছন থেকে একটা মোটরসাইকেল এসে অটোরিকশায় ধাক্কা দিলে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে জামালপুর শহরের ডায়াবেটিস জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে ঢাকার ইউনাইটেড হাসপাতাল পাঠানো হয়।’

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি সিনিয়ার সাংবাদিক জাহাঙ্গীর সেলিম বলেন, ‘সাংবাদিক মোস্তফা বাবুল তিনি অত্যন্ত মেধাবী ও সাহসী সাংবাদিক ছিলেন। তিনি শুধু সাংবাদিক ছিলেন না তিনি একজন লেখক ও কলামিস্ট ছিলেন। আমরা একজন মেধাবী সাংবাদিককে হারিয়ে ফেললাম। সাংবাদিক মোস্তফা বাবুল এর সঙ্গে আমাদের হাজারো স্মৃতি রয়েছে। আমাদের সবসময় তিনি দিক নির্দেশনা দিয়েছেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।’

সাংবাদিক মোস্তফা বাবুলের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ, সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুনসহ  বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও জামালপুরের কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা সমবেদনা জ্ঞাপন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত