নচিকেতাকে ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মনির খান

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০১:০৬ পিএম

ঢাকায় এসেছিলেন নচিকেতা। নিজের গায়ক জীবনের ৩০ বছর পূর্তি উপলক্ষে কলকাতার নন্দনে গান করেছেন। এবার বাংলাদেশের ফার্মগেটে ৩০ বছরের গায়কি জীবন উদযাপন করলেন। শুধু তাই নয় শুক্রবারের ওই আয়োজনে এ দেশের মানুষের মন জয় করে নিয়েছেন। আর নচিকেতাও দুহাত ভর্তি ভালোবাসা নিয়ে ফিরে গেছেন। নচিকেতার এই সফরে মনির খান শোনালেন আরেক ভালোবাসার গল্প।

প্রায় ১৫ বছর আগে কথা। শেখ সাদির সুরে মিতালী মুখার্জির সঙ্গে একটি গানের অ্যালবামের জন্য কলকাতায় গিয়েছিলেন মনির খান। সেখানে জেএমডি স্টুডিওতে প্রতিদিন চলত রেকর্ডিং। স্টুডিওতে প্রতিদিন সন্ধ্যায় আসতেন নচিকেতা। সে সময় তার ‘যখন সময় থমকে দাঁড়ায়’ হিট করেছে। একদিন স্টুডিওর কর্ণধার কৈলাশ দাকে বললাম, দাদা আমি নচিকেতার সঙ্গে কথা বলতে চাই। তিনি বললেন, আমি আলাপ করিয়ে দেব। সেদিন  সন্ধ্যায় এলেন নচিকেতা। কৈলাশ দা পরিচয় করিয়ে দিলেন। বললাম, তোমার গান আমি শুনি, আমি নিজেও গান করি। কিন্তু তোমার গান আমার ভীষণ পছন্দের। গেয়েও শোনালাম। তিনি অবাক হলেন। বললেন, খুব সুন্দর গেয়েছিস তো। তারপরে আমি প্রশ্ন করলাম, দাদা আমি শুনেছি তুমি নাকি গজল গাইতে এসেছিলে মিউজিক ইন্ডাস্ট্রিতে। তিনি বললেন, ঠিকই শুনেছিস। বললাম, আমি তোমাকে একটা অনুরোধ করতে চাই। নচিকেতা বললেন, আরে কর কর। রাখব, ভাবছিস কেন? বললাম, একটা গজল শুনতে চাই তোমার গলা থেকে। আমার অনুরোধে তিনি একটি গজল গাইলেন। আমি মূর্ছনায় হারিয়ে গিয়েছিলাম। আমার বুকটা হাহাকার করে উঠল। কতটা আমল করলে এমন গাওয়া সম্ভব? তার সঙ্গে পরিচয় সেই থেকে। কলকাতায় বেশ কদিন ছিলাম, প্রায়ই আড্ডা হতো।

ঢাকায় শুক্রবারের কনসার্টে যখন এলাম, তখন মনে হলো আমার ছেলে মুহূর্তকে নচিকেতার সঙ্গে পরিচয় করিয়ে দেব। কেননা তার বৃদ্ধাশ্রম গানটা মুহূর্ত অনেক শোনে। ওকে ডেকে আনলাম। ব্যাক স্টেজে তখন নচিকেতা। আমাকে দেখেই বকুল ভাই নচিকেতার দৃষ্টি আকর্ষণ করে বললেন, মনির খান বাংলাদেশে তিনবার জাতীয় পুরস্কার পাওয়া গায়ক। নচিকেতা কথা কেড়ে নিয়ে বললেন, জানি আমি, ওর গান অনেক শুনি। আমি হাসলাম। এরপর আমার ছেলেকে পরিচয় করিয়ে দিলাম। বললাম, বৃদ্ধাশ্রম গানটা আমার ছেলে প্রচুর শোনে। নচিকেতা বিস্মিত হয়ে বললেন, বলিস কি, এই প্রজন্মকে আমার গান স্পর্শ করেছে, এখন তো মনে হচ্ছে মরে গেলেও আমি শান্তি পাব। আমার ছেলেকে জড়িয়ে ধরলেন নচিকেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত