শ্রীপুরে রেলসেতুতে আগুন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৬:০২ পিএম

গাজীপুরের শ্রীপুরে একটি রেলসেতুতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ বরমী ইউনিয়নের গোলাঘাট বাজারে মাটিকাটা নদীর ওপর তৈরি করা রেলসেতুতে এ ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৫-৬ টি কাঠের স্লিপার পুড়ে যায়। তবে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

সকালে আগুন জ্বলতে দেখে রেলস্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বেশ শীত ছিল। এতে করে বাজারে মানুষের কোনো সমাগম হয়নি। ভোরে হাঁটতে আসা মানুষের চোখে পড়ে রেলসড়কে আগুন জ্বলছে। পরে হাঁটতে আসা পথচারিরা আশপাশের দোকানদারদের জানালে তারা পাশের দুটি রেলস্টেশনের কর্মকর্তাদের আগুনের ঘটনা জানিয়ে দেন। তবে দায়িত্বশীলরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু এর মধ্যে রেলপথের ৫-৬ টি কাঠের স্লিপার পুড়ে যায়। কারা এ আগুন দিল তা স্পস্ট হওয়া যায়নি। দেশে চলমান অবরোধের সময় এমন ঘটনা মানুষের মাঝে ভীতি সৃষ্টি করেছে। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থর পরিদর্শন করেছেন। 

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে কাঠের কয়েকটা স্লিপার বিক্ষিপ্তভাবে পুড়ে গেছে। এতে ট্রেন চলাচলের কোনো সমস্যা তৈরি হয়নি। অগ্নিকাণ্ডের সময় কোনো ট্রেনের আসা যাওয়া ছিল না। নিয়মিত ট্রেন চলাচল কার্যক্রম অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত