বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো রাউন্ড রবিন লিগের সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে ভারত। অনেক বিশ্লেষক রোহিত শর্মার হাতেই দেখছেন বিশ্বকাপ। তবে ট্রফি হাতে তোলার শেষ পথটুকু সহজ হবে না বলেই মনে করেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়।
সেমিফাইনালে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়। আগামী বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল নিয়ে কিছুটা হলেও চাপ বোধ করছেন দ্রাবিড়। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড় সেমিফাইনাল নিয়ে বলেন, ‘যদি বলি যে এটা অন্য সব ম্যাচের মতোই একটা, সেমিফাইনালের কোনো চাপ নেই, তাহলে ভুল বলা হবে। ক্রিকেটে কোনো ম্যাচই জেতার নিশ্চয়তা নেই। যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে যতটা সম্ভব প্রস্তুত হওয়া। আমরা সেটাই করছি।’
লিগ পর্বের ৯ ম্যাচেই দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা। ম্যাচ না জিতলেই বদলে যেতে পারে বিশ্লেষকদের মত। ‘যখন সব ঠিকঠাক চলে, তখন সবার চোখেই ভালোটা ধরা পড়ে। কিন্তু একটা ম্যাচ হারলেই সবাই বলা শুরু করবে আপনি কিছু জানেন না।’
ভারত ২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর গেল দুই আসরে সেমিফাইনাল থেকে ছিটকে গেছে। নিউজিল্যান্ডের কাছেই হেরে ২০১৯ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ভারত। এবারও প্রতিপক্ষ তারা।
দ্রাবিড় জানিয়েছেন কিছুটা চাপ থাকলেও সেটি সামলে নেওয়ার মতো আত্মবিশ্বাস আছে তার দলের। ‘কিছুটা চাপ থাকবেই। তবে টুর্নামেন্টে এখন পর্যন্ত যেভাবে চাপ সামাল দিয়েছি, সেটা আমাদের নিজেদের ওপর বিশ্বাস বাড়িয়েছে।’
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালটি হবে বুধবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
