বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা গান ‘কারার ঐ লৌহ কপাট’-এর সুর বদলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মোজার্ট অব মাদ্রাজ খ্যাত এ আর রহমান।
আর কে মেনন পরিচালিত বলিউড ছবি ‘পিপ্পা’তে ব্যবহৃত হয়েছে গানটি, যা প্রকাশের পর সুর বিকৃতির অভিযোগ উঠে। এ নিয়ে কয়েকদিন ধরে উত্তাল সোশ্যাল মিডিয়া।
শেষ পর্যন্ত এ ঘটনায় টনক নড়ল ‘পিপ্পা’র সুরকার-নির্মাতা-প্রযোজকদের। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ক্ষমা চাইলেন তারা।
বিবৃতিতে ‘পিপ্পা’র প্রযোজক রায় কাপুর ফিল্মস জানায় - প্রযোজক, পরিচালক এবং সংগীত পরিচালক হিসেবে নজরুলের পরিবারের কাছ থেকে স্বত্ব নেওয়ার পরেই শিল্পের খাতিরে গানটি তৈরি করা হয়েছে।
কাজী নজরুল ইসলাম এবং তার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা আছে উল্লেখ করে তারা বলেন, ‘গানটির ঐতিহাসিক তাৎপর্যকে শ্রদ্ধা জানানোই আমাদের উদ্দেশ্য ছিল। গানের কথা ব্যবহার এবং সুরের পরিবর্তন চুক্তি অনুযায়ী করা হয়েছে।’
এতে আরও উল্লেখ করা হয়, ‘আমরা মূল গানটি ঘিরে শ্রোতাদের আবেগকে সম্মান করি। শিল্প যেহেতু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, সেখানে আমাদের পদক্ষেপ যদি কারও আবেগে আঘাত করে থাকে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’
