বাধ্য হয়ে এ আর রহমানের গান গেয়েছিলেন আসিফ!

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৯:৪৩ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানটির নতুন সুর ও সঙ্গীতায়োজন করে সমালোচনার মুখে পড়েছেন মোসার্ট অব মাদ্রাজ এ আর রহমান। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নিন্দার ঝড় উঠতেই ‘পিপ্পা’ সিনেমার নির্মাতা-প্রযোজকরা দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন এবং জানিয়েছেন কাজী নজরুলের সৃষ্টির প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে।

তবে রহমানের গান নিয়ে বিতর্ক এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন শিল্পী তার দিকে অভিযোগের আঙুল তুলেছেন। আবার রহমানের সাড়া জাগানো গানের ঢেউ এসে পড়েছে ঢাকাই সিনেমাতেও। তেমনই একটি গান ‘জ্বালা রে’। শূন্য দশকের শুরুতে মুক্তি পাওয়া ‘ক্ষ্যাপা বাসু’ সিনেমায় ছিল এই গান।

মনোয়ার হোসেন ডিপজল নিবেদিত সিনেমায় গানটি গেয়েছিলেন কণ্ঠশিল্পী আসিফ ও বিপাশা। পর্দায় ছিলেন চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা পপি। তবে এটি ছিল পরিচালক মনি রত্নমের ‘দিল সে’ সিনেমার শিরোনাম গান, যা তৈরি করেছিলেন রহমান। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া গানটি লিখেছিলেন কিংবদন্তী গুলজার, যা এর বেজ লাইন এবং কম্পোজিশনের জন্য শ্রোতাদের বেশ পছন্দের।

ক্ষ্যাপা বাসু’র পরিচালক কমল সরকার তার সিনেমায় দিল সে’র বাঙলায়ন ব্যবহার করেন, যদিও তা ছিল নকল। একসময় বাংলা সিনেমায় বিভিন্ন বলিউড সিনেমার গান হুবুহ ব্যবহৃত হতে দেখা গেছে। তার একটি উদাহরণ জ্বালা রে। আসিফ যখন গানটি গেয়েছিলেন তখন ইন্ডাস্ট্রিতে তিনি একেবারেই নতুন। পরে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বিষয়টি স্বীকার করেন তিনি।

আসিফ জানান, তিনি গর্বিত কারণ রহমানের দিল সে গানটা ক্ষ্যাপা বাসু সিনেমায় কপি গেয়েছেন। একইসঙ্গে তিনি বাধ্য হয়ে গাওয়ার বিষয়টিও উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত