বললেন টেম্বা বাভুমা

অনেকেই বিশ্বাস করেন এবারই ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৭:১১ পিএম

ভারত বিশ্বকাপের লিগপর্বে নয় ম্যাচের সাতটিতে জিতে টেবিলের দুইয়ে থেকে সেরা চার নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনসে দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়ার কাছেই দুইবার সেমিতে হারের ক্ষত জ্বলজ্বলে প্রোটিয়াদের মনে।

অবশ্য লিগপর্বের ম্যাচে লখনৌতে ১৩৪ রানের বড় ব্যবধানে অজিদের হারিয়েছে তারা। তবে বিশ্বকাপের নকআউট পর্বে অজিদের বিপক্ষে কখনো জেতা হয়নি দক্ষিণ আফ্রিকার। আসরে প্রথম দুই ম্যাচে হারের পর টানা সাত জয় নিয়ে সেমির টিকেট কেটেছে অস্ট্রেলিয়া। এসব ইতিহাস ভালো করেই জানা প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কোনো মিকি মাউজ (দুর্বল) দলের সঙ্গে খেলতে নামছি না। নকআউট ম্যাচের চাপ নিতে দারুণ অভিজ্ঞ অস্ট্রেলিয়া। পাঁচবারের চ্যাম্পিয়ন দল তারা।’

প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে সমীহে রাখলেও নিজেদের উপর পূর্ণ আস্থা রয়েছে বাভুমার। বলেছেন, ‘অনেকেরই ধারণা, এবারই দক্ষিণ আফ্রিকার ফাইনাল খেলার বছর। দল হিসেবে আমরা যেভাবে নৈপূণ্য দেখিয়েছি তাতে ইতিবাচক ধারণা জন্মেছে। প্রোটিয়াদের উপর আশাও বেড়েছে অনেক। আমরা চাইবো শুধু নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে।’

অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে নিজের দায়িত্ব ভাগ করে নিয়ে চাপমুক্ত থাকতে চান বাভুমা। দল হিসেবে চাপমুক্ত থাকার সূত্রও বাতলে দিয়েছেন বাভুমা। বলেন, ‘আমরা চাই ১৯ তারিখের ফাইনালে থাকতে। আমাদের নিয়ন্ত্রণে যতটুকু আছে তার সম্পূর্ণটুকু করতে চাই। এ জন্য আগামীকাল লক্ষ্য ঠিক রেখে দল হিসেবে নিজেদের সেরাটা দিতে চাই।’

আহমেদাবাদের ফাইনালে প্রথমবারের মতো প্রোটিয়াদের দেখা যাবে কি না তা নিশ্চিত হয়ে যাবে কাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত