ঘরের মাঠে আরেকটি ফাইনালে ভারত

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১১:২০ পিএম

ঘরের মাঠে বিশ্বকাপের আরও একটি ফাইনালে পৌঁছে গেল ভারত। বিরাট কোহলির রেকর্ড গড়া ৫০তম সেঞ্চুরির দিনে ৩৯৭ রানের পাহাড় চড়তে গিয়ে কিউইরা থামে ৩২৭ রানে। মোহাম্মদ শামির ৭ উইকেট শিকারের দিনে ওয়াংখেড়ে ভারতের জয় ৭০ রানের ব্যবধানে

স্কোরবোর্ডে আগে ব্যাট করে ৪ উইকেটে ৩৯৭ রান তোলে ভারত। জবাবে শুরুতেই ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্রকে হারিয়ে ফেলার পর কেন উইলিয়ামসন আর ড্যারেল মিচেলের ব্যাটে লড়ে নিউজিল্যান্ড। ১৮১ রানের জুটি গড়ার পর আবারও শামির জোড়া আঘাত। তাতে তিন বলের মধ্যে নেই উইলিয়ামসন ও ল্যাথাম। ৭৩ বলে ৬৯ রান করেন তিনি।তার ঠিক এক বল পরেই সহঅধিনায়ক টম ল্যাথামকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন । রানের খাতা খোলার আগেই ফেরার পথ ধরেন ল্যাথাম। ২২০ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় কিউইরা।

এরপর মিচেল ও ফিলিপসের ৭৫ রানের জুটিতে স্বপ্ন বুনেই চলছিল কিউইরা। বুমরার বলে ৪১ রানে ফিলিপস আউট হলে তাতে ছেদ পড়ে। আর শেষ পেরেকটা ঠোকা হয়ে যায় ড্যারিল মিচেলের উইকেটে। ১১৯ বলে ৯ চার ও ৭ ছয়ে ১৩৪ রান করে তবেই ফেরেন মিচেল। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতেই ৩২৭ রানে অলআউট হয় কিউইরা।

এর আগে রোহিতের ডেস্ট্রাকশন, শুভমান গিলে লম্বা ইনিংস এবং নিউক্লিয়াস বিরাট কোহলিকে ঘিরে রচনা করা ব্যাটিংয়ের চক্রব্যূহে রানের পাহাড় গড়ে ভারত। শেষদিকে দ্রুত রান তোলেন শ্রেয়াশ আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমাররা। এই ছকেই ৯ ম্যাচের ৯টিতেই জিতে সেমিফাইনালে এসেছে ভারত। জিতে নিল সেমিফাইনালও। রোহিতের ২৯ বলে ৪৭, শুভমান গিলের ৮০*, বিরাট কোহলির ১১৭ আর শ্রেয়াশ আইয়ারের ১০৫ রানের সঙ্গে লোকেশ রাহুলের ২০ বলে ৩৯ রানে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৩৯৭ রান। টিম সাউদি ৩ উইকেট নিয়েছেন, তবে খরচ করেছেন ১০০ রান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত