ঘূর্ণিঝড় মিধিলি

সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১২:১৫ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির কারণে সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ। শুক্রবার সকাল ১০টা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণার কথা জানিয়েছেন ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. ইসমাইল হোসেন।

সকালে চাঁদপুরের দিকে কয়েকটি লঞ্চ ছেড়ে গেলেও উপকূলীয় জেলা ভোলার উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। ঘূর্ণিঝড়ের কারণে শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার নদীবন্দর সমূহকে তিন নম্বর নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এ কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান ইসমাইল হোসেন।

অন্যদিকে ঘূর্ণিঝড়টি উপকুলের আরও কাছে এগিয়ে আসায় সমুদ্র বন্দরগুলোকে বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এর মধ্যে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। মিধিলির কারণে দুপুর থেকে বাতাসের গতি বাড়বে। আর সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টির কেন্দ্র বাংলাদেশ অতিক্রম শুরু করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত