স্টার্ক বললেন

আহমেদাবাদে দুর্দান্ত খেলা হবে

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম

বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে রবিবার মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। অজিরা নামবে ২০১৫ সালে জেতা ট্রফি পুনরুদ্ধারের অভিযানে। আর ভারতের লক্ষ্য ২০১১ সালের পর আবারও ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়া। এই দুই দল আগেও আইসিসি টুর্নামেন্টে ফাইনালের মঞ্চে মুখোমুখি হয়েছে। তাই ফাইনালের চাপটা দুই দলের জন্যই সমান বলছেন স্টার্ক। তার মতে আহমেদাবাদে দুর্দান্ত খেলা হবে।

এবারের বিশ্বকাপ আসরে অন্যান্য ম্যাচে গ্যালারি পরিপূর্ণ না হলেও, ভারতের খেলার সময় কানায় কানায় ভরা ছিল গ্যালারী। আর ফাইনাল তো হবে ১ লাখ ৩০ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে। স্বাগতিকদের বিপক্ষে তাই মাঠের বাইরের বিষয়েও কঠিন পরীক্ষার সামনেই পড়তে হবে অস্ট্রেলিয়াকে। তবে ফাইনালে আগে এসব নিয়ে চিন্তিত নন স্টার্ক। 'এটি বড় উপলক্ষ! বিশ্বকাপের ফাইনাল! দুই দলের ড্রেসিং রুমে থাকা ক্রিকেটাররা ভিন্ন ভিন্ন ফরম্যাটে এমন ম্যাচ খেলেছে আগে। চলতি বছরেই (টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল) দুই দল মুখোমুখি হয়েছে। আমার মনে হয় না, দুই দলের কারও জন্য এমন বড় উপলক্ষ নতুন কিছু।'

স্বাগতিক সমর্থকদের নিয়ে বলেন, 'অবশ্যই ভারতের মাঠে বিশ্বকাপ ফাইনাল বড় উৎসব হতে চলেছে। অনেক শব্দ হবে, আবেগ থাকবে। দুর্দান্ত একটা উপলক্ষ হবে। আর এতে কোনো সন্দেহ নেই যে, দুই দলের জন্যই (ম্যাচে) ভিন্ন মাত্রায় চাপ থাকবে। এটি দুর্দান্ত একটি ম্যাচ হতে চলেছে। আমাদের দল এই ম্যাচে নামার জন্য উন্মুখ হয়ে আছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত