নির্বাচনে জিতলে ২ রুপিতে গোবর কিনবে রাজস্থান কংগ্রেস

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম

ভারতের রাজস্থানে বিধানসভা নির্বাচনে পুনরায় নির্বাচিত হলে গবাদি পশু পালনকারীদের কাছ থেকে দুই রুপি কেজি দরে গোবর কেনার ঘোষণা দিয়েছে কংগ্রেস। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ‘জন ঘোষণাপত্র’ শীর্ষক ইশতেহার প্রকাশ করেছে দলটি, যাতে রয়েছে সাতটি প্রতিশ্রুতি পালনের ঘোষণা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ইশতেহারে আরো বলা হয়েছে- কংগ্রেস সরকার ক্ষমতায় থেকে গেলে নারীদের বছরে ১০ হাজার রুপি করে ভাতা দেবে। সরকারি কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ল্যাপটপ বা ট্যাবলেট দেবে। কোটি পরিবারের জন্য থাকবে ৫০০ রুপিতে এলপিজি সিলিন্ডার, যা আগে ৫০ লাখ মানুষ পেতেন।

এছাড়া রয়েছে পেনশন স্কিম আইন তৈরি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও স্বাস্থ্যবীমার বাড়ানোর প্রতিশ্রতি। সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্যে গোবর সংগ্রহের ঘোষণাটি অভিনব। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার কয়েক বছর আগে এ ধরনের প্রকল্প প্রথম চালু করে।

সরকারি ও বেসরকারি গোবর গ্যাস প্ল্যান্ট এবং জৈব সার তৈরির প্ল্যান্টে সরবরাহ করা হয় এসব গোবর। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের দাবি, এই প্রকল্পের মাধ্যমে বিপুল কর্মস্থান হবে। প্রতিটি পঞ্চায়েতে তৈরি হবে গোবর গ্রহণ কেন্দ্র। গবাদি পশু পালনকারীরা দুধ সরবরাহের সময় গোবরও দিয়ে যাবেন। 

এদিন জয়পুরে ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তিনি বলেন, ‘আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি তা পূরণ করছি। যদি কোনো দল ইশতেহারে যা বলা হয়েছে তার ৯০ শতাংশ করে, তবে এটি রাজস্থান এবং কংগ্রেসের জন্য একটি বড় অর্জন হবে।’

রাজস্থানে আগামী ২৫ নভেম্বর বিধানসভা নির্বাচন হবে। ভোট গণনা হবে ৩ ডিসেম্বর। ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ১৬৩টি আসন জিতেছিল এবং রাজস্থানে সরকার গঠন করেছিল। তবে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতেছিল ৯৯টি আসন এবং বিজেপি জিতে ৭৩টি আসনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত