হামাসের হামলা উদযাপন করা ১৭ জনের বাড়িতে তল্লাশি চালাল জার্মান পুলিশ

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৭:৩৭ পিএম

সোশ্যাল মিডিয়ায় ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগে জার্মানির বাভারিয়া অঙ্গরাজ্যে ১৭ জনের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। সন্দেহভাজনদের মধ্যে ১৫ জন পুরুষ ও দুই জন নারী। ১৮ থেকে ৬২ বছর বয়সী এসব সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাদের বাড়ি থেকে মোবাইল ফোন, ল্যাপটপ বিভিন্ন প্রমাণ জব্দ করা হয়েছে।

জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, সন্দেহভাজনরা গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলা উদযাপন করেছে। এছাড়া ‘নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের প্রতীক’ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছে তারা।

জানা গেছে, সন্দেহভাজনদের একজন তুর্কি নাগরিক। ৭ অক্টোবরের হামলার পর তিনি নাৎসি বাহিনীর নেতা অ্যাডলফ হিটলারের একটি ছবি পোস্ট করেছিলেন, যাতে লেখা ছিল- ‘আমি সব ইহুদিকে হত্যা করতে পারি। কিন্তু কেন তাদের হত্যা করেছি তা বুঝতে কিছু লোককে জীবিত রেখেছি।’ এর সঙ্গে সন্দেহভাজন একটি ফিলিস্তিনি পতাকা যুক্ত করেন, যাতে বিজয় চিহ্নের একটি ইমোজি রয়েছে।

বাভারিয়ার পুলিশ কমিশনার মাইকেল বলেন, জার্মানিতে অনেক ইহুদির দৈনন্দিন জীবনে ইহুদি বিদ্বেষের প্রভাব রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সন্ত্রাসী হামলা তাদের জীবনেও প্রভাব ফেলেছে। ফলে রাজ্যে বসবাসকারী ইহুদি এবং ইসরায়েলিদের বোঝা উচিত আমরা বাভারিয়ায় তাদের পাশে দাঁড়িয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত