আর্জেন্টিনাকে বিদায় জানাচ্ছেন স্কালোনি!

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১২:৩৫ পিএম

সময়ের সফলতম কোচদের একজন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার ৩৬ বছরের সাধনা পূরণের নেপথ্যের নায়ক তিনি। তার অধীনেই বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিরা উঠেছেন সাফল্যের চূড়ায়। আজ মারাকানায় ব্রাজিলকে তাদের ঘরের মাঠে হারিয়েছে আর্জেন্টাইনরা। 

আর সেই জয়ের পরই রীতিমতো বোমা ফাটানো তথ্য দিলেন স্কালোনি। ম্যাচ শেষে দিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দল থেকে তার বিদায়ের ইঙ্গিত। 

লিওনেল স্কালোনি বলেন, 'এখন সময় এসেছে বল থামানোর এবং চিন্তা ভাবনা শুরু করার। এই খেলোয়াড়রা আমাকে অনেক কিছু দিয়েছে এবং আমি আমার ভবিষ্যত নিয়ে কী করতে যাচ্ছি তা নিয়ে আমাকে অনেক ভাবতে হবে।'

এই কথায় স্পষ্ট যে তিনি নতুন শুরুর সন্ধানে যেতে চান। তার পরের অংশে আবার রহস্য রেখে কথা বললেন।

বলেছেন, 'এটি বিদায় নয়, তবে এই গোলবারটি এখন অনেক উঁচু, আআর্জেন্টিনার তাই এখন প্রচুর শক্তির প্রয়োজন, তাই আমার পক্ষে এই দায়িত্ব চালিয়ে নেওয়া হবে কঠিন, জয় এনে দেওয়াও হবে সামনে বন্ধুর। তাও সময় এসেছে ভাবার। কারণ এই মুহূর্তে দলের এমন একজন কোচ দরকার যার সর্বোচ্চ শক্তি আছে এবং সে ভালো আছে।'

লিওনেল স্কালোনির এমন মন্তব্যের সময় ড্রেসিংরুমে অনেকেই ছিলেন না। আবার যারা ছিলেন তারাও খুব বেশি মনোযোগী ছিলেন না কোচের কথায়। তবে আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যমে আলাপকালে প্রত্যেকেই আশা প্রকাশ করেছেন নিজের পদে কাজ চালিয়ে যাবেন কোচ স্কালোনি। ওতামেন্ডি, রোমেরো আর ম্যাক অ্যালিস্টারদের প্রত্যেকেই কোচ স্কালোনিকেই নিজেদের গুরু হিসেবে দেখতে চান।

আজকের ম্যাচে দলের জয়ের নায়ক নিকোলাস ওতামেন্দির কথায় উঠে এসেছে সেই সময়ের ড্রেসিংরুমের চিত্র, ‘সেসময় অনেকেই ড্রেসিংরুমে প্রবেশই করেনি। ফিডেও (ডি মারিয়া) তখন ডোপিং টেস্ট দিচ্ছিলো আর লিও (মেসি) তখন মেডিকেল সেবা নিচ্ছিল। মানে আমরা সবাই একসঙ্গে ছিলাম না। কিন্তু পরে আমরা নিশ্চয়ই এটা নিয়ে কথা বলব।

অভিজ্ঞ এই ডিফেন্ডার অবশ্য এখনই কোচের পদত্যাগ নিয়ে কথা বলতে আগ্রহী নন, ‘আমাদের এটা নিয়ে কথা বলতে হবে। এখন আমার মনে হয় আমাদের ব্যক্তিগতভাবে অবশ্যই তার সঙ্গে কথা বলা উচিত। আমরা এই মন্তব্য পেয়েছি আর এখন কথা বলার চেষ্টা করে দেখব কি হয়।

এদিকে দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য কুটি রোমেরো জানিয়েছেন, ড্রেসিংরুমে এমন কোন কথাই হয়নি। আমি জানিনা তার মনে কী চলছে। আমরা চেষ্টা করব একসঙ্গে থাকার, তিনি আমাদের দলে একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি।’ 

স্কালোনির অধীনেই বদলে যেতে শুরু করে আর্জেন্টিনা। ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়ে ২০২১ সালে জিতেছে কোপা আমেরিকা, পরের বছর কাতারে জয় করেছে বিশ্বকাপ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত