এ যেন ঠিক বলিউড সিনেমা ‘স্পেশাল ২৬’-এর কোনো দৃশ্য! সিনেমায় সিবিআই কর্মকর্তা পরিচয়ে মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার, অনুপম খেররা। এবার পশিমবঙ্গের শ্রীরামপুরে যেন সেই সিনেমা বাস্তবায়ন হলো।
আয়কর কর্মকর্তা পরিচয়ে একটি সোনা গলানোর দোকানে হানা দিল চারজন। লাখ টাকার সোনা এবং নগদ টাকাও হাতিয়ে নিল।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার রাত ৮টার দিকে চারজন ব্যক্তি কুমিরজলা রোডের ব্যবসায়ী অজয়ের সোনা গলানোর দোকানে হাজির হয়। এ সময় তাদের সবার গলায় আয়কর কর্মকর্তার পরিচয়পত্র ঝোলানো ছিল।
পরিচয় দিয়ে দোকানে তল্লাশি শুরু করে তারা। একপর্যায়ে অজয়ের কাছে জানতে চায় সারা দিনে কী পরিমাণ সোনা গলানো হয়। এ সময় কোনো নথি না থাকায় আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী।
এরপর হুমকি দিয়ে ব্যবসায়ী অজয়কে গাড়িতে তোলে ভুয়া কর্মকর্তারা। সঙ্গে সোনার বার এবং নগদ টাকাও নিয়ে যায়। গাড়ি করে ব্যবসায়ীকে দিল্লি রোডের কাছে নিয়ে মাঝপথে নামিয়ে দেওয়া হয়। আয়কর অফিসে যোগাযোগ করতে বলা হয় তাকে। এরপর শ্রীরামপুর থানায় যান অজয়।
একটু পরেই জানতে পারেন ওই চারজন ভুয়া আয়কর কর্মকর্তা ছিলেন। শ্রীরামপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এ ঘটনার তদন্ত শুরু করেছে।
