নানা ঘটনা ও আলোচনার পর কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা ও চ্যাটজিপিটি উদ্ভাবনকারী ওপেনএআই থেকে চাকরিচ্যুতের পাঁচ দিনের মাথায় আবারও মঙ্গলবার প্রতিষ্ঠানটিতে প্রধান নির্বাহী পদে ফিরেছেন স্যাম অল্টম্যান।
প্রতিষ্ঠানে ফেরার পরপরই নিজের মত করে পরিচালনা পর্ষদ সাজালেন তিনি। খবর রয়টার্স।
ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের আগের একজনকে নিয়ে নতুন করে পর্ষদ গঠন করছেন স্যাম। আগের পর্ষদের অ্যাডাম ডি’অ্যাঞ্জেলো, কুয়োরার সিইও রয়েছেন বর্তমান পর্ষদের। আর তাঁর সঙ্গে পর্ষদে যোগ দিতে পারেন এক্স-সেলসফোর্সের কো-সিউও ব্রেট টেইলল এবং যুক্তরাষ্ট্রের সাবেক অর্থমন্ত্রী ও হার্ভার্ড ইউনির্ভার্সিটির প্রেসিডেন্ট ল্যারি সুমার্স।
এ ছাড়া নতুন করে পর্ষদে যোগ দিতে পারেন ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রোকম্যান। গত শুক্রবার স্যাম বরখাস্তের পরপরই ওপেনএআইয়ের প্রেসিডেন্টের পদ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন গ্রেগ।
স্যাম অল্টম্যানের প্রত্যাবর্তন প্রতিষ্ঠানটি ও কৃত্তিম বুদ্ধিমত্তার দুনিয়াতে নতুন এক যুগের সূচনা করতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর বিপদ এবং এর বাণিজ্যিকীকরণের সম্ভাবনা সম্পর্কে দীর্ঘকাল ধরে উদ্বেগ চলছিল কর্মীদের মধ্যে।
এর আগে গত শুক্রবার (১৭ নভেম্বর) ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ চ্যাটজিপিটির উদ্ভাবক অল্টম্যানকে বহিষ্কার করে। এক ব্লগ বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, স্যাম অল্টম্যান ওপেনএআইকে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা হারিয়েছেন। আর এ কারণেই তাঁকে সিইও পদ থেকে সরানো হয়েছে।
এর মাঝে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা জানান, স্যাম তাঁর প্রতিষ্ঠানে যোগ দেবেন।
তবে স্যামকে বহিস্কারের কারণে বিক্ষোভ শুরু করেন প্রতিষ্ঠানটির প্রায় সাতশ কর্মচারি। পরিচালনা পর্ষদকে লেখা এক খোলাচিঠিতে তারা জানিয়ে দেন, স্যামকে না ফেরালে তাঁরাও চাকরি ছেড়ে দেবেন।
এর পরপরই স্যামকে সিইও পদে ফিরিয়ে আনে ওপেনএআই।
