২২ নভেম্বর সকাল ১১টা। প্রেমিকের মায়ের সাথে পরিচিত হতে তার আমন্ত্রণে সিরাজগঞ্জ সদরের মিরপুর থেকে ১৭ বছর বয়সী এক তরুণী সিরাজগঞ্জের কাজিপুর থানাধীন মেঘাই নতুন বাজার এলাকায় প্রেমিকের বাড়িতে যায়। গিয়ে দেখতে পায়, প্রেমিকের মা বাসায় নেই। অপেক্ষা করতে করতে দুপুর ১টার দিকে তাকে চা খেতে দেওয়া হয়। চা খেয়ে তরুণী অচেতন হয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে চেতনা ফেরার পর তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। তরুণী ধারণা করছেন—অচেতন করে তাকে যৌন নির্যাতন ও ধর্ষণ করা হয়েছে।
এমন তথ্য জানিয়ে ২২ নভেম্বর ২০২৩ বুধবার রাত সাড়ে ১১টায় একজন তরুণী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে আইনি প্রতিকার ও পুলিশি সহায়তার অনুরোধ জানান।
কলটেকার তাৎক্ষণিকভাবে কাজিপুর থানায় বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানান। সংবাদ পেয়ে কাজিপুর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জিহাদ রেজা ইফাত (২২)-কে গ্রেপ্তার করে। এসংক্রান্ত একটি মামলা রুজু করা হয়েছে।
