যুক্তরাষ্ট্রে এখন অবৈধ অভিবাসী ১ কোটি ৫ লাখ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৩:৫৩ পিএম

যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীর সংখ্যা এখন এক কোটি পাঁচ লাখ। এদের মধ্যে সবচেয়ে বেশি ৪১ লাখ প্রতিবেশী দেশ মেক্সিকোর নাগরিক। এরপর রয়েছে এল সালভাদরের নাম। তবে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের নাম। সেখানে বসবাসকারী অবৈধ ভারতীয় নাগরিকের সংখ্যা কমপক্ষে সাত লাখ ২৫ হাজার। ২০২১ সালে করা জরিপের ভিত্তিতে গত ১৬ নভেম্বরএ তথ্য প্রকাশ করে ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক পিউ রিসার্চ সেন্টার।

এর আগে ২০১৮ সালে দেশটিতে অবৈধ অভিবাসীর সংখ্যা ছিল এক কোটি সাত লাখ। দেশটিতে অবৈধ মেক্সিকানের সংখ্যা ব্যাপক হারে কমে যাওয়ায় এটি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০০৭ সাল থেকে ২০১৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা মেক্সিকোর নাগরিকের সংখ্যা ১৫ লাখ কমে যায়। তবে পিউ বলছে, যুক্তরাষ্ট্রে এখনো অবৈধ অভিবাসীদের মধ্যে মেক্সিকানদের সংখ্যাই বেশি। এদের মধ্যে দুই-তৃতীয়াংশ অবৈধ অভিবাসী ১০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন।   

মেক্সিকো সীমান্তে ব্যাপক ধরপাকড় ও গ্রেপ্তারদের ফেরত পাঠানোর পরে্ও দেশটি থেকে আসা অবৈধ অভিবাসীর সংখ্যা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। বৈধ কাগজ-পত্র ছাড়া এল সালভাদর থেকে যুক্তরাষ্ট্রে ঢুকেছে এমন মানুষের সংখ্যা ৮ লাখ। গুয়াতেমালা ও হুন্ডুরাস থেকে যাওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা যথাক্রমে ৭ লাখ এবং ৫ লাখ ২৫ হাজার। এদিকে এশিয়া থেকে যাওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা ১৬ লাখ ৫০ হাজার। এশিয়া বলতে যুক্তরাষ্ট্র মূলত চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, কোরিয়া, কম্বোডিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বাকী দেশগুলোকে বোঝায়।

পিউ জানায়, ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়ে হয়েছিল সর্বোচ্চ এক কোটি ২২ লাখ। ২০০৪ সালে সংখ্যাটি প্রায় সমান ছিল। সবশেষ সংখ্যাটি ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত প্রতি বছরের চেয়ে অনেক কম ছিল।

প্রতিবেদনে বলা হয়, মধ্য আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল, লাতিন আমেরিকা, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার সাব-সাহারা প্রতিটি অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রে আসা অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত