ভারতের মহারাষ্ট্রের পরবনি জেলার একটি আদালতে আসামিদের নিয়ে পৌঁছাতে আধা ঘণ্টা দেরি হয়েছিল দুই পুলিশ সদস্যের। এই ঘটনায় ক্ষুব্ধ ম্যাজিস্ট্রেট দুই পুলিশ কর্মীকে দু’ঘণ্টার ঘাস কাটার ‘শাস্তি’ দিয়েছেন।
ভারতের স্থানীয় গণমাধ্যম বলছে, ঘটনাটি গত সপ্তাহে ঘটেছে। মহারাষ্ট্রের মানবত থানার দুই কনস্টেবল আগের রাতে ধরা পড়া এক আসামিকে নিয়ে হাজির হন আদালতে। ১১টায় হাজিরার কথা থাকলেও দুই পুলিশ সদস্য আধা ঘণ্টা পরে সাড়ে ১১টা নাগাদ হাজির হয়েছিলেন। এতেই ক্ষুব্ধ হন বিচারপতি। দুই পুলিশ সদস্যকে দু’ঘণ্টার ঘাস কাটার নির্দেশ দেন তিনি।
এই ঘটনায় ব্রিবত স্থানীয় পুলিশ সদস্যদের প্রশ্ন, বিচারক এমন সাজা কেন দেবেন? কর্তৃপক্ষকে বলতে পারতেন দুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ব্রিটিশ আমলেও পুলিশকে ঘাস কাটার সাজা দেওয়ার কথা শোনা যায়নি।
এদিকে, ম্যাজিস্ট্রেটের আদেশ এখনও কার্যকর হয়নি বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন। ঘাস কাটেননি দুই পুলিশ সনদস্যও। আপাতত ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাটি জানিয়েছেন তারা। অন্যদিকে, দেশটির পুলিশ সংগঠনগুলো সাজা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
