'তরতাজা ক্ষত' নিয়ে ফের অস্ট্রেলিয়ার সামনে ভারত

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম

বিশ্বকাপে কী দুর্দান্ত ছন্দেই না ছিল ভারত। টানা ১০ ম্যাচ জিতে জায়গা করে নিয়েছিল ফাইনালে। স্বপ্ন পূরণ থেকে স্রেফ এক ধাপ দূরে ছিল তারা। কিন্তু সেখানেই তালগোল পাকিয়ে ফেলল রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে শিরোপা লড়াইয়ের মঞ্চে খেলল অচেনা ক্রিকেট। তাদের স্বপ্নের সমাধিতে দাঁড়িয়ে ষষ্ঠ শিরোপা জয়ের সৌধ স্থাপন করল অস্ট্রেলিয়া। সেই অজিদের বিপক্ষেই আবার মাঠের লড়াইয়ে নামতে যাচ্ছে ভারত। এবার সংস্করণ অবশ্য ভিন্ন, টি-টোয়েন্টি।

বিশ্বকাপের ফাইনালে হারের তরতাজা ক্ষত নিয়েই আজ ফের তাসমান সাগর পাড়ের দলটির মুখোমুখি হচ্ছে ভারত। বিশাখাপট্টনমে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

গত ১৯ নভেম্বর আহমেদাবাদের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে হেরেছে ভারত। আগে ব্যাটিং করে স্রেফ ২৪০ রান করেছে তারা। জবাবে ৪২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। সেই হতাশার রেশ এখনো কাটেনি ভারতের। তার মধ্যেই আবার মাঠের খেলায় মনোযোগ দিতে হচ্ছে তাদের।

প্রায় দুই মাসের বিশ্বকাপ শেষেই আরেকটি সিরিজ। দুই দলই তাই বৈশ্বিক আসরে খেলা বেশিরভাগ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে। ভারতের এই সিরিজের দলে আছে বিশ্বকাপ স্কোয়াডে থাকা মাত্র তিনজন খেলোয়াড়-সূর্যকুমার যাদব, ইশান কিশান ও প্রসিধ কৃষ্ণা। আর বিশ্বকাপ দল থেকে সাতজন খেলোয়াড়কে বিশ্রামে রেখে ভারতের বিপক্ষে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে সর্বশেষ কয়েকটি টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পড়া গোড়ালির ইনজুরি থেকে এখনও তিনি সুস্থ হতে না পারায় প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন সূর্যকুমার। তার ডেপুটি হিসেবে সিরিজের প্রথম তিন ম্যাচে দায়িত্ব পালন করবেন ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। শেষ দুই ম্যাচের জন্য দলে ফিরবেন বিশ্বকাপ খেলা শ্রেয়াস আইয়ার।

তারুণ্যনির্ভর দল নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী ভারত অধিনায়ক সূর্যকুমার ‘আমাদের দলটি তারুণ্য নির্ভর। কিন্তু সকলেরই টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে। আইপিএলের মঞ্চে সকলের দারুণ পারফরমেন্স আছে। সেই অভিজ্ঞতা এবার টি-টোয়েন্টি সিরিজে দারুণ সহায়ক হবে। আমরা নিজেদের সেরা পারফরম্যান্স করতে পারলে সিরিজ জয় অসম্ভব না। এজন্য সিরিজের শুরুটা ভালোভাবে করতে হবে আমাদের।’

অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেবেন গেল বছরের নভেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলা ম্যাথু ওয়েড। গত আগস্টে দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি সিরিজে অজিদের নেতৃত্ব দিয়েছিলেন মিচেল মার্শ। তার নেতৃত্বে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করেছিল অস্ট্রেলিয়া। মাত্রই বিশ্বকাপ শেষ হওয়ায় বিশ্রাম দেওয়া হয়েছে মার্শকে।

সিরিজ শুরুর দু’দিন আগে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিশ্বকাপ খেলা ডেভিড ওয়ার্নার। আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে চাইছেন ওয়ার্নার। ওই সিরিজের সিডনি ম্যাচ দিয়ে টেস্টকে বিদায় জানাবেন তারকা এই ওপেনার।

ওয়ার্নারের জায়গায় টি-টোয়েন্টি দলে যুক্ত হয়েছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া স্পেন্সার জনসনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন পেসার কেন রিচার্ডসন। সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে ভারতের বিপক্ষে ভালো খেলতে বদ্ধপরিকর অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়েড। এই কিপার-ব্যাটসম্যান বলেন, ‘সদ্যই আমরা বিশ্বকাপ জিতেছি। বিশ্বকাপ দলের সাতজন খেলোয়াড় এই সিরিজে খেলবে। তাদের টি-টোয়েন্টি সিরিজে পাওয়াটা বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এবার আমরা টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রমাণ করতে চাই। নিজেদের সেরাটা উজার করে টি-টোয়েন্টিতেও দল ফলাফল অর্জন করতেই মাঠে নামবো আমরা।’

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৬ বার মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। সেখানে ভারতের জয় ১৫টিতে এবং অস্ট্রেলিয়ার জয় ১০টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। গেল বছরের সেপ্টেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টিতে দেখা হয় দু’দলের। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ভারত। এবার আরেকবার নিজ আঙিনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের অভিযানে নামছে তারা।

ভারত টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, ইশান কিশান, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবাম দুবে, রবি বিষ্ণুই, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, আভেশ খান, মুকেশ কুমার ও শ্রেয়াস আইয়ার (শেষ দুই ম্যাচের জন্য)।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল: ম্যাথু ওয়েড (অধিনায়ক), জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট, টিম ডেভিড, নাথান এলিস, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির সাংহা, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, কেন রিচার্ডসন, অ্যারন হার্ডি ও অ্যাডাম জাম্পা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত