ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে যেমন উন্মাদনা থাকে, উত্তেজনা থাকে দুই দলের খেলোয়াড়দের মাঝেও। গত বুধবারের ম্যাচেও দেখা গেছে সেই দৃশ্য। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রদ্রিগো। সেই ঘটনার রেশ ধরে বর্ণবাদের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
মারাকানায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিরপ্রতিন্দ্বন্দ্বী দুই দলের দ্বৈরথে ব্রাজিলকে ১-০ গোলে হারায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটির শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উত্তাপ। গ্যালারিতে দর্শকদের ওপর পুলিশের লাঠিচার্জে খেলা দেরিতে শুরু হয়। পরে মাঠের লড়াইয়েও তৈরি হয় উত্তপ্ত পরিবেশ।
ম্যাচের একপর্যায়ে আর্জেন্টাইন অধিনায়ক মেসির সঙ্গে তর্কে জড়ান রদ্রিগো। আর্জেন্টিনা দলকে কাপুরুষ বলেন ব্রাজিলিয়ান এই তরুণ। এমনটাই দাবি আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের। তাদের ভাষ্য অনুযায়ী রদ্রিগোর কথার জবাবে মেসি বলেছিলেন, 'আমরা বিশ্বচ্যাম্পিয়ন, কেন আমরা কাপুরুষ হবো? মুখ সামলে কথা বলো।'
মেসির সঙ্গে ঝামেলায় জড়ানোর পর থেকে বর্ণবাদী মন্তব্যের শিকার হচ্ছেন রদ্রিগো। আর্জেন্টিনা ও মেসিভক্তের করা বিদ্রুপের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে রদ্রিগো লেখেন, 'বর্ণবাদীরা সবসময়ই সক্রিয় থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে অপমান ও সব ধরনের বাজে কথা দিয়ে আক্রমণ করা হয়েছে।'
তিনি আরও যোগ করেন, ‘তারা যা চায় যদি আমরা তা না করি, যদি ওইরকম আচরণ না করি যেটা তারা ভাবে আমাদের করা উচিত, যদি আমরা এমন কিছু পরিধান করি যা তাদের বিরক্ত করে, আমাদের আক্রমণ করার সময় যদি মাথা নিচু না করি, যদি আমরা এমন জায়গায় থাকি যেটা তারা মনে করে শুধুই তাদের, তখন বর্ণবাদীরা এই সমস্ত অপরাধমূলক আচরণ করে। তবে এটা তাদের জন্য দুর্ভাগ্য, আমরা থামব না।’
সতীর্থের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের ভিনিসিউস জুনিয়রও। চোটের কারণে আর্জেন্টিনা ম্যাচে খেলতে না পারা তরুণ এই ফরোয়ার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 'আমরা থামব না।'
