মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মো. ইবরাহীম (১৫) নামে এক ৮ম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচরের মাদবরেরচর ইউনিয়নের শিকদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ইবরাহীম একই ইউনিয়নের লপ্তীকান্দি এলাকার হিরু খানের ছেলে ও রহিমুদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় রেললাইনে ইবরাহীম ও তার কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিল। এ সময় ভাঙ্গা থেকে আসা ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে ইবরাহীমের ধাক্কা লাগলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে পরিবারের সদস্যরা ঢাকা নেওয়ার পথে ইবরাহীম মারা যায়।
স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন বলেন, আমার বাড়ির পাশে ছেলেটির বাড়ি। ভদ্র ছেলে ছিল। শুনেছি ট্রেনের ধাক্কা লেগে সে রেললাইনের পাথরের ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা নেওয়ার পথে মারা যায়।
জাবের হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, ওরা কয়েকজন ছিল রেললাইনের ওপর। কীভাবে মারা গেছে বলা যাচ্ছে না। ইবরাহীম আহত হলে সবাই ওকে হাসপাতালে নিয়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রচুর রক্ত বের হচ্ছিল তার। তার মাথার এক দিকে চূর্ণবিচুর্ণ হয়ে গেছে।
মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিকদার বলেন, ছেলেটি নম্র প্রকৃতির ছিল। আমরা শিক্ষকরা তার মৃত্যুতে শোকাহত।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। আমরা খোঁজ নিচ্ছি। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
