বৈদ্যুতিক যানবাহনের চার্জিং পয়েন্ট চালু করল ডেসকো

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১১:০১ পিএম

বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি বিবেচনায় কার্বন দূষণ কমাতে বিদ্যুৎ চালিত যানবাহনের জন্য চার্জিং পয়েন্ট চালু করেছে বিদ্যুৎ বিতরণ কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিডেট (ডেসকো)।

আজ শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর মাটিকাটা এলাকায় অবস্থিত সুমাত্রা ফিলিং স্টেশনে এ সেবার উদ্বোধন করেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান।

উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করতে বৈদ্যুতিক চার্জিং স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঢাকা শহরকে বাসযোগ্য নগরীতে পরিণত করতে বায়ু দূষণ কমানোর ক্ষেত্রেও এটি সহায়ক হবে।’

তিনি বলেন, ‘আমরা পাইলট প্রজেক্ট হিসেবে এখন পর্যন্ত ৩টি স্টেশন চালু করেছি, আরও ৩টি করার পরিকল্পনা রয়েছে। ফিলিং স্টেশনের মালিকদের বলবো আপনারা এগিয়ে আসুন। দূষণমুক্ত নগরী গড়তে বিদ্যুৎ চালিত যানবাহনের ব্যবহার বাড়াতে সবাইকে একসাথে কাজ করার বিকল্প নেই।’

জানা যায়, দেশ জুড়ে অসংখ্য ইজিবাইক চলছে যেগুলোর ব্যাটারি বিদ্যুতে রিচার্জ করতে হয়। এর বাইরে অল্প কিছু সংখ্যক ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করছে ঢাকাসহ বিভিন্ন স্থানে। দিন দিন এই সংখ্যা বাড়ছে। তবে চার্জিংয়ের সুযোগ সহজ ও ব্যাপক হারে করা গেলে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

বর্তমানে পেট্রল চালিত যানবাহনে প্রতি কিলোমিটারে জ্বালানি খরচ প্রায় সাড়ে ৫ টাকা। অন্যদিকে বৈদ্যুতিক গাড়িতে এই খরচ ১ টাকা ২০ পয়সার মতো। বিদ্যুৎ চালিত যানবাহনের দক্ষতা বেশি হওয়ায় এর ব্যয় কম। তা ছাড়া এটি পরিবেশবান্ধব।

পরিবেশ ও ব্যয়ের বিষয়টি চিন্তা করেই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গত কয়েক বছর ধরেই বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত