দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলসহ বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ রবিবার সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। সপ্তম দফার এই অবরোধ কর্মসূচি শুরুর আগে গতকাল শনিবার রাতে আগের দফার অবরোধগুলোর মতো রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এদিকে অবরোধ কর্মসূচি সফল করতে সারা দেশের তৃণমূল নেতাকর্মীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, ‘গণতন্ত্র ফেরানো, অন্যায়ভাবে গণতন্ত্রের পক্ষে কথা বলা মানুষজনকে কারাবন্দি করা এবং তাদের মুক্ত করার যে কর্মসূচি, জনগণের মালিকানা ফেরত দেওয়ার যে কর্মসূচি সেটা হচ্ছে এই অবরোধ কর্মসূচি। দেশের গণতন্ত্রকামী মানুষ এবং বিশ্বের গণতান্ত্রিক শক্তিও আর বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না, এদের পতন হবেই।’
অবরোধ শুরুর আগে গতকাল রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর আবদুল্লাহপুর এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। উত্তরা পূর্ব থানার ওসি কাজী মো. নাসির উদ্দিন বলেন, ‘দোতলা বিআরটিসি বাসটি যখন আবদুল্লাহপুর ইউটার্নের দিকে যাচ্ছিল তখনই কে বা কারা আগুন দেয়। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
অবরোধ কর্মসূচির সমর্থনে রাজধানীর ধানম-িতে গতকাল মিছিল করেন যুবদল নেতাকর্মীরা। এ ছাড়া পাবনা, ভোলা, বরিশালসহ বিভিন্ন জেলায় স্থানীয় নেতাকর্মীরা মিছিল করেছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে অবরোধ কর্মসূচি সফল করতে সারা দেশে দলের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। অবরোধের সমর্থনে দলটির কাফরুল থানা শাখার উদ্যোগে সন্ধ্যায় মিছিল বের হয়।
অবরোধ কর্মসূচিকে সামনে রেখে গতকাল দুপুরে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে এলিফ্যান্ট রোডে তার কার্যালয়ে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির যৌথসভা হয়। সভায় আসন্ন নির্বাচনে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি অংশ নেবে না বলে সিদ্ধান্ত হয়। এ ছাড়া পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, সমমনা রাজনৈতিক জোট, গণ অধিকার পরিষদসহ বর্তমান সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো অবরোধ সফল করতে মাঠে থাকার কথা জানিয়েছে।
গতকাল রাজধানীর বংশালে অভিযান চালিয়ে নাশকতার মামলায় বিএনপিকর্মী আরমান এবং চকবাজার থেকে লালবাগ থানা ছাত্রদলের সদস্য রাব্বি হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব।
মিছিল করায় বিএনপি সভাপতিকে পুলিশে দিল যুবলীগ-ছাত্রলীগ : ফেনীর দাগনভূঞা উপজেলার তুলাতুলী এলাকায় ফেনী-নোয়াখালী সড়কে গতকাল সন্ধ্যায় মশাল মিছিল শেষে উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, মিছিল শেষে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা আকবরকে ঘেরাও করে পুলিশে খবর দেন। তবে দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, ‘স্থানীয়রা আকবর হোসেনকে আটক করে পুলিশে দিয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’
প্রতিবেদনটিতে তথ্য দিয়েছেন ফেনী প্রতিনিধি