৩৪ লিটার বিয়ার খেয়ে ২৮ দিন বেহুঁশ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১১:০০ এএম

মদের গ্লাসে চুমুক দেবেন আর হ্যাংওভার হবে না, তেমন আশা করা অনুচিত। কিন্তু তাই বলে ২৮ দিন! মদপানের ২৮ দিন পরেও হুঁশ ফেরেনি ৩৪ বছর বয়সী এক ব্যক্তির। হ্যাংওভার-এর নিরিখে রেকর্ড গড়লেন তিনি।

২৮ দিন আগে তিনি প্রায় ৩৪ লিটার বিয়ার খেয়েছিলেন। অত বিয়ার খাওয়ার ফলে স্বাভাবিকভাবেই জ্ঞান ছিল না তার। সেই সঙ্গে সারা শরীরে ব্যথা, মাথা ঘোরা, ঝিম লাগা, চোখে ঝাপসা দেখার মতো উপসর্গগুলোও ছিল। প্রথম দুদিন আক্ষরিক অর্থেই তিনি বেহুঁশ ছিলেন। তার পর হুঁশ এলেও বাকি সমস্যাগুলো ছিল। চলাফেরার শক্তিও হারিয়েছিলেন। ভেবেছিলেন, একটু সময় দিলেই ঠিক হয়ে যাবেন। কিন্তু ২০ দিন পরেও শারীরিক অবস্থার পরিবর্তন না হওয়ায় চিকিৎসকের কাছে যান।

চিকিৎসক সিটি স্ক্যান করেন। কোনো অস্বাভাবিকতা ধরা না পড়ায় দ্বিতীয় বার সিটি স্ক্যান করানো হয়। দ্বিতীয় বারের সিটি স্ক্যানের রিপোর্টে ধরা পড়ে মাথায় জমাট বেঁধে আছে রক্ত। অ্যান্টিবডি শরীরের বিভিন্ন কোষে আক্রমণ করতে শুরু করেছে। ফলে শারীরিক দুর্বলতা রয়েছে। স্নায়ুগুলোর মধ্যে রক্তক্ষরণ চলছে বলে দৃষ্টিশক্তিও ঝাপসা। আপাতত  চিকিৎসাধীন তিনি।

একসঙ্গে অত্যধিক পরিমাণে মদপান নানা শারীরিক সমস্যা ডেকে আনতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। নিয়মিত মদপান করলেও এত সমস্যা হয় না, যতটা একসঙ্গে অনেকটা পরিমাণ খেলে হয়। অনেক সময় মৃত্যুর ঝুঁকিও থেকে যায়। তাই একবারে বেশি মদ খেতে কঠোরভাবে নিষেধ করেন চিকিৎসকেরা। কারো যদি অন্য কোনো রোগ থেকে থাকে, সে ক্ষেত্রে আরও বাড়াবাড়ি কিছু হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত