থিরুভানানথাপুরামে দ্বিতীয় টিটোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। ভরাতের দেওয়া ২৩৬ রানের লক্ষ্যে নেমে ৯ উইকেটে ১৯১ রানেই থামে অস্ট্রেলিয়ার ইনিংস। ৪৪ রানের বড় জয় পায় ভারত।
অস্ট্রেলিয়ার টপ অর্ডার এদিন জ্বলে উঠতে ব্যর্থ হন। শর্ট ও স্মিথ দুজনেই করেন ১৯ রান করে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইংলিস ফিরে যান মাত্র ২ রানে। তবে ৫ম উইকেটে ৩৮ বলে ৮১ রানের জুটি গড়েন মার্কাস স্টয়নিস ও টিম ডেভিড। ডেভিড ২২ বলে ৪ চার ও ২ ছয়ে ৩৭ রান করে ফেরেন।
তার কিছু সময় পর স্টয়নিসও ফিরে যান ৪৫ রান করে। ২৫ বলে ২ চার ও ৪ ছয়ে সাজানো ছিল তার ইনিংস। তারপর আর বেশি দূর এগোয়নি অস্ট্রেলিয়ার ইনিংস। রবি বিষ্ণয় ৩২ রানে ৩ উইকেট শিকার করেন। প্রসিধ কৃষ্ণাও শিকার করেন ৩ উইকেট।
এর আগে টপ অর্ডার ব্যাটারদের তিন ফিফটিতে ২৩৫ রানের বড় সংগ্রহ জমা করে ভারত। এদিন টস জিতে ভারতকে শুরুতে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথিউ ওয়েড। নেমেই অস্ট্রেলিয়ান বোলারদের তুলোধুনো করা শুরু করেন যশস্বী জসওয়াল। মাত্র ২৪ বলে ফিফটি করেন যশস্বী। তার পর দুটো ওয়াইড বলের পর ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। ২৫ বলে ৫৩ রানের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা হাঁকান। নাথান অ্যালিস তার উইকেটটি পান। পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর দাঁড়ায় এক উইকেটে ৭৭ রান।
এর পর ক্রিজে এসে সেই ঝড় অব্যাহত রাখেন ইশান কিশান। তিনি ফিফটি করেন ২৯ বলে। দ্বিতীয় উইকেটে রুতুরাজের সঙ্গে জুটি গড়েন ৮৭ রানের। সেই জুটি ভাঙেন মার্কাস স্টয়নিস। ৩২ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫২ রান করে আউট হন ইশান।
অধিনায়ক সূর্যকুমার এসে প্রথম বলেই ছক্কা দিয়ে শুরু করেন। তবে দুই ছক্কায় ১০ বলে ১৯ রান করে ফেরেন অ্যালিসের শিকার বনে। তার আগে ফিফটি তুলে নেন রুতুরাজ গায়কোয়াড়। রুতুর ফিফটি পূর্ণ হয় ৩৯ বলে। ৪৩ বলে ৫৮ রান করেন শেষ ওভারে তিনিও আউট হন অ্যালিসের বলে। ৯টি চার ও ২টি ছক্কা আসে তার ব্যাট থেকে।
শেষে এসে ঝড়কে সাইক্লোনে রূপ দেন রিংকু সিং ও তিলক ভার্মা। রিংকু ৪ চার ও ২ ছয়ে মাত্র ৯ বলে ৩২ এবং তিলক ২ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। ন্যাথান অ্যালিস ৩ উইকেট পান। পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।