জেলেনস্কিকে সরাতে রিপাবলিকান চাপ!

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৫:৩৭ পিএম

ইউক্রেন যুদ্ধে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দল ডেমোক্র্যাট পার্টি। জেলেনস্কির আবদারে বিপুল পরিমাণ ডলার দিতে দিতে যুক্তরাষ্ট্র খোদ অর্থনৈতিক বেকায়দায় পড়েছে। এই পরিস্থিতিতে বার বার ইউক্রেনে সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি। এবার জানা গেল, জেলেনস্কিকে দ্রুত ক্ষমতা থেকেও সরাতে চায় রিপাবলিকান নেতাদের একটি অংশ। এজন্য যুদ্ধাবস্থায় থাকা ইউক্রেনে নির্ধারিত সময়ে প্রেসিডেন্ট নির্বাচন করতে চাপ দিচ্ছে তারা।

বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। গত রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানায়,  জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরাতে ইউক্রেনে নির্বাচন আয়োজনের জন্য ‘চাপ প্রয়োগ’ করছে মার্কিন কংগ্রেসের রিপাবলিকানরা। এছাড়া, জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরাতে নির্বাচনের ইস্যুতে যুক্তরাষ্ট্র অন্যতম ‘চালিকাশক্তি’ হিসেবে কাজ করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করার জন্যই মূলত দেশটির নির্বাচন নিয়ে চাপ দিচ্ছে রিপাবলিকানরা।  

বিবিসিকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা অপোরার বিশ্লেষক ওলহা আইভাজোভস্কা বলেন, অনেক রিপাবলিকানই ইউক্রেনকে সমর্থন করছে। তবে যুক্তরাষ্ট্রেও নির্বাচন আসন্ন, এ সময়ে ঘোরতর ডানপন্থী রিপাবলিকানরা ইউক্রেনে অর্থ দেওয়া বন্ধের ইস্যুটি অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে।’

এই বিশ্লেষক বলেন, অনেক রিপাবলিকান নেতা ইতিমধ্যে ইউক্রেন ইস্যুটি সামনে এনেছেন। যুক্তরাষ্ট্রে রিপাবলিকান শিবির থেকে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চাওয়া ভিভেক রামাসোয়ামি সম্প্রতি বলেছেন,’ ইউক্রেন আদতে কোনো আদর্শ গণতন্ত্রের দেশ না। দেশটিতো নির্বাচনই করতে চাইছে না, বরং তারা চাইছে সেখানে আরও মার্কিন ডলার ঢালা হোক।’

এর আগে গত আগস্টে ইউক্রেন সফরে গিয়ে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছিলেন, ‘ইউক্রেনে ২০২৪ সালে অবশ্যই প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করা উচিৎ।’   

তবে এখন নির্বাচনের ‘সঠিক সময়’না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এরপর থেকেই নির্বাচন না করার পক্ষে দাবি জোরালো হচ্ছে। এর জের ধরেই একটি রাজনৈতিক দ্বন্দ্বের জন্ম নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত