অর্ধশত নারীর সঙ্গে ‘রোমান্স স্ক্যাম’র মাধ্যমে প্রতারণা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৭:২১ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় ও নিঃসঙ্গ নারীদের প্রেমের ফাঁদে ফেলে স্ব-পরিবারে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মো. বেনজির হোসেন (৪০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

তাকে খুলনার ফুলতলা এলাকায় নগদ ক্যাশ আউট করার সময় গতকাল রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান আজ সোমবার (২৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বলেন, বেনজির প্রায় অর্ধশত নারীর সঙ্গে এরকম রোমান্স স্ক্যামের মাধ্যমে প্রতারণা করে ১৩টি নগদ নম্বরের মাধ্যমে গত ৪ মাসে ১ কোটি টাকারও বেশি লেনদেনের তথ্য তারা পেয়েছেন। বেনজিরের নড়াইল জেলায় নিজের বাড়ি থেকে প্রতারণার কাজ করলেও টাকা ক্যাশ আউট করতো তার বাড়ি থেকে ৫০ কিলোমিটার দূরে যশোর ও খুলনা জেলায় বিভিন্ন নগদ ক্যাশ আউট পয়েন্টে। ওই সময় পরিচয় ও চেহারা গোপন করার জন্য মাস্ক, সানগ্লাস ও মাথায় টুপি ব্যবহার করত। তার প্রতারণার কাজে ব্যবহৃত সিম এবং নগদ নম্বরের রেজিস্ট্রেশনে ব্যবহৃত এনআইডি অন্য ব্যক্তির নামে।

তিনি বলেন, তারা দুই ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করতে গিয়ে দেখেন বেনজির যদিও এইচএসসি পাস, তবে নিজেকে পাইলট পরিচয় দিয়ে ফেসবুকে একাউন্ট খুলে বিমান চালানোর ছবি ও ভিডিও পোস্ট করতো। এরপর সে অসহায় ও নিঃসঙ্গ নারীদের টার্গেট করে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করে প্রথমে প্রেমের ফাঁদে ফেলত। পরে বিয়ের প্রলোভন ও স্ব-পরিবারে আমেরিকায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাতো। আর এভাবে বেনজির বিভিন্ন সময়ে বিপদে পড়ার কথা বলে ও নানা কৌশলে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত