দিনের প্রথম খাবার বা সকালের নাশতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রোটিনে ভরপুর নাশতা খেতে ভুলবেন না। পুষ্টিবিদরা বলছেন, দিনের প্রথম খাবারে অবশ্যই রাখুন ডিম। তাহলে আপনার পুষ্টি লাভ হবে একদিকে। আবার অন্যদিকে দীর্ঘক্ষণ পেটও ভর্তি থাকবে। ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমবে। আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে।
সকালের নাশতায় কেন ডিম খাবেন?
ডিমে প্রোটিন ভরা। এর ফলে মাংসপেশি মজবুত হয়। শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গের কাজ মসৃণভাবে হয়। প্রোটিনের পাশাপাশি ডিমে স্নেহজাতীয় যে পদার্থ থাকে, সেই ফ্যাটের দৌলতে শরীরে কর্মশক্তির যোগান বজায় থাকে। ডিম থেকে প্রচুর ভিটামিনও পাওয়া যায়।
নাশতায় পোচ, ভাজি নাকি সেদ্ধ ডিম খাবেন?
অনেকে ভয় পান, ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যায়। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, ডিম খেলে ভালো বা উপকারী কোলেস্টেরল বাড়ে শরীরে। ডিম থেকে কোলিন, ল্যুটিনের মতো প্রয়োজনীয় উপাদানও পাওয়া যায়। পোচ, সেদ্ধ, অমলেট, হাফবয়েল্ডসহ নানা ভাবে ডিম খাওয়া যায়। এর মধ্যে নাশতায় সব সময় সেদ্ধ ডিম খান। এতে ওজন নিয়ন্ত্রণে থাকবে। মিলবে দরকারি পুষ্টিও। প্রতিদিন সেদ্ধ ডিম খেতে ইচ্ছে না হলে অল্প তেলে ডিমের ভাজিও খেতে পারেন। তবে অতিরিক্ত মাখন বা তেল দিয়ে ভাজা অমলেট খাবেন না।