আট আরোহীসহ মার্কিন সামরিক বিমান জাপানে বিধ্বস্ত

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৪:০৪ পিএম

জাপানের ইয়াকুশিমা দ্বীপে আটজন কর্মী নিয়ে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্তের খবর পাওয়া গেছে।

জাপানের উপকূলরক্ষীরা বিবিসিকে জানিয়েছেন, স্থানীয় জেলেরা একজনকে খুঁজে পেয়েছেন, তবে অন্যদের অবস্থা সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি।

জাপানের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, টোকিওর ইয়োকোটা বিমান ঘাঁটি থেকে সিভি-২২ অস্প্রে নামের একটি মার্কিন সামরিক বিমান উড্ডয়নের পর ইয়াকুশিমা দ্বীপে বিধ্বস্ত হয়েছে। বিমানটির ধ্বংসাবশেষ ইয়াকুশিমা দ্বীপে পাওয়া গেছে।

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, সিভি-২২ অসপ্রে বিমানটি ইয়াকুশিমা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। এ সময় বিমানের বাম ইঞ্জিনে আগুন লাগে।

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো’র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানটি স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। তার ৭ মিনিট পর কোস্ট গার্ড সদস্যরা বিমানটি বিধ্বস্তের খবর পায়। এরপর ৬টি নৌকা ও ২টি হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়।

ইয়াকুশিমা জাপানের কিউশু দ্বীপের দক্ষিণে অবস্থিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত