দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন ইমরান খান  

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৮:১০ পিএম

পাকিস্তানের প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান পদে নিজের আইনজীবীকে মনোনীত করেছেন দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।এর আগে মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে অংশ নেয়া বা দলীয় প্রধানের পদে থাকার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হয়েছে ইমরান খানকে। ফলে পিটিআই চেয়ারম্যানের পদে তিনি আর থাকতে পারছেন না।

বুধবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই নেতা সিনেটর আলি জাফর জানিয়েছেন, দলের চেয়ারম্যান নির্বাচনে ইমরান খান অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসাবে তার আইনজীবী ব্যারিস্টার গহর আলী খানকে মনোনীত করেছেন।

ইমরান খানের ওপর থেকে 'রাজনীতিতে অযোগ্য’ আদেশ আদালত তুলে নিলে তিনি আবার চেয়ারম্যান পদে ফেরত যাবেন বলে জানিয়েছেন জাফর।

পাকিস্তানের আইন অনুযায়ী, তোশাখানা কেস বা উপহার হিসাবে পাওয়া রাষ্ট্রীয় সম্পদ বিক্রির মামলায় অভিযুক্ত হওয়ায় ইমরান খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বা দলীয় পদে থাকতে পারবেন না। 

ইমরান খানের আইনজীবী শের আফজাল মারওয়াত মঙ্গলবার বলেছিলেন, আদালত তাকে আবার যোগ্য বলে ঘোষণা করলে তিনি আবার চেয়ারম্যানের পদে ফিরে যাবেন। তিনি বলেছেন, আদিয়ালা কারাগারে ইমরান খানের সাথে তিনি দেখা করেছেন। সেখানে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে দলের নেতৃত্বের বিষয়টিও ছিল।

পিটিআই নেতা সিনেটর আলি জাফর নিশ্চিত করেছেন, চেয়ারম্যান হিসাবে না থাকলেও দলের অভিভাবক ও প্রধান নেতা হিসেবেই থাকবেন ইমরান খান।

তিনি বলেন, "তাকে ছাড়া পিটিআই কিছুই নয়। পিটিআই হচ্ছে ইমরান খান এবং ইমরান খান হচ্ছেন পিটিআই। কৌশলগত কারণে এটা করা হচ্ছে। আমরা এই কৌশল নিয়েছি, এটা আমাদের প্ল্যান-বি। বহুদিন ধরেই আমরা এজন্য প্রস্তুতি নিয়েছিলাম।"  

ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ পাওয়ার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার গহর আলী বলেছেন, "ইমরান খানকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। আমি ইমরান খান যতদিন পুনরায় ফেরত না আসবেন, আমি ততদিন তার মনোনীত প্রতিনিধি এবং উত্তরসূরি হিসাবে দায়িত্ব পালন করে যাবে। পিটিআইয়ের আদর্শ এবং সংগ্রাম একই থাকবে।"  

তবে ইমরান খান মনোনীত করলেও আগামী ২ ডিসেম্বর পিটিআইয়ের দলীয় সম্মেলনে চেয়ারম্যান পদে নির্বাচন হবে। সেই নির্বাচনে বিজয়ী হলেই চেয়ারম্যান পদ নিশ্চিত হবে ব্যারিস্টার গহর আলীর। অবশ্য বিবিসি বলছে, ওই নির্বাচনে ইমরান খানের মনোনয়নের বাইরে কারও নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই বলা চলে।

গত বছর থেকে পাকিস্তানের ‘অনিশ্চিত’ রাজনীতির কেন্দ্রবিন্দুতে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খান। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন তিনি। তবে বন্দি থাকলেও দেশের মানুষের কাছে এখনো সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা তিনি, সম্প্রতি করা এক জনমত জরিপের বরাতে এ তথ্য জানায় সংবাদমাধ্যম দ্য নিউজ।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত