১০ বছর পর কৃষ্ণাকে ছাড়া খেলতে নামছে বাংলাদেশ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৪৯ পিএম

ডান পায়ের চোট অনেকদিন থেকেই ভোগাচ্ছে কৃষ্ণা রানী সরকারকে। মাঝেমধ্যে ব্যাথানাশক ইনজেকশন নিয়ে মাঠে নামতেন। কিন্তু সেটা ছিল সাময়িক। পায়ের ব্যাথা নিয়েই সেপ্টেম্বরে এশিয়ান গেমসের ফুটবলে খেলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পায়ের চোট জাতীয় দল থেকে ছিটকেই দিল কৃষ্ণাকে। আগামী ১ ও ৪ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। এই দুটি ম্যাচ সামনে রেখে আজ বুধবার ২৩ সদস্যের বাংলাদেশ জাতীয় দল ঘোষণা করেছে বাফুফে। কিন্তু এই তালিকায় নেই কৃষ্ণা রানী সরকার।

২০১৪ সালে ইসলামাবাদে সাফ চ্যাম্পিয়নশিপে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হয় কৃষ্ণার। ওই ম্যাচে অভিষেকেই হ্যাটট্রিক করেন কৃষ্ণা। সেদিন বাংলাদেশ জিতেছিল ৬-১ গোলের বড় ব্যবধানে। সেই যে কৃষ্ণার পথচলা শুরু, এরপর টানা প্রায় ১০ বছর জাতীয় দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে আছেন কৃষ্ণা। সিঙ্গাপুরের সঙ্গে এবারের প্রীতি ম্যাচের আগ পর্যন্ত যে কখনোই বাদ পড়েননি তিনি!

বর্তমানে বাফুফের ডরমেটরিতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন কৃষ্ণা। চিকিৎসক জানিয়েছেন, কৃষ্ণাকে মাঠে ফিরতে কমপক্ষে আরও তিন মাস লাগবে। এতদিন পর কৃষ্ণাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ দল। নিশ্চয় বাংলাদেশের খেলা মিস করবেন? প্রশ্নটা করতেই কৃষ্ণা হতাশার সুরে বললেন, ‘অবশ্যই। খুবই খারাপ লাগছে এভাবে বসে থাকতে। এটা আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।’

সঙ্গে যোগ করলেন, ‘আসলে মাঝে ব্যথাটা বেড়ে যাওয়ার কারণে কিছুদিন ইনজেকশন দিয়েছিলাম। কিন্তু আমার পায়ের টেনডনগুলো খুব দুর্বল হয়ে গেছে। রগ শুকিয়ে গেছে। যতদিন এটা আগের মতো স্বাভাবিক হবে না, ততদিন মাঠে নামতে পারব না। এমনটাই পরামর্শ দিয়েছেন ডাক্তার। বর্তমানে রিকভারি করার জন্য জিম করছি।’

কতদিন পর মাঠে ফিরতে পারবেন, এমন প্রশ্নে কৃষ্ণার উত্তর, ‘এখনই মাঠে নামা হচ্ছে না, আবার পুরোপুরি বিশ্রাম সেটাও নয়। তবে আশা করি, জানুয়ারির শেষ সপ্তাহে মাঠে হালকা অনুশীলন করতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত