খাওয়ার সময় কথা বলায় ৬২ ছাত্রীর ১০০ বার কান ধরে উঠবস

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:১৪ এএম

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ায় একটি সরকারি মাদ্রাসার হোস্টেলে একসঙ্গে রাতের খাবার খাওয়ার সময় নিজেদের মধ্যে কথা বলছিল ছাত্রীরা। এমন শৃঙ্খলাভঙ্গের জন্য হোস্টেলের ছাত্রীদের ১০০ বার কান ধরে উঠবস করার শাস্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুধু তা-ই নয়, একটানা এত বার উঠবস করার সময় বেশ কয়েকজন ছাত্রী অসুস্থও হয়ে পড়ে। এর মধ্যে ছয়জনকে গত বুধবার মধ্যরাতে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন হোস্টেলে ফিরে গেলেও ছাত্রীদের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। খবর এই সময়ের।

কৃষ্ণনগর সংলগ্ন পানিনালা গ্রামে অবস্থিত গভর্নমেন্ট মডেল মাদ্রাসার এ ঘটনায় নিন্দা জানিয়েছেন অভিভাবকরা। তবে মেয়েদের পড়াশোনার ক্ষতির আশঙ্কায় কেউ মুখ খোলেননি। বৃহস্পতিবার সকালে অসুস্থ ছাত্রীদের অভিভাবকদের কাছে খবর গেলে উদ্বিগ্ন হয়ে তারা হাসপাতালে ছুটে যান।

মাদ্রাসার এক ভারপ্রাপ্ত শিক্ষক জানিয়েছেন,  ছয় ছাত্রীকে সুস্থ হওয়ার পর হোস্টেলে ফিরিয়ে নেওয়া হয়েছে। সামনে ছাত্রীদের পরীক্ষা। অভিভাবকরা যাতে উদ্বিগ্ন না হন, সেই কারণে আমরা তাদের একাধিক বার অনুরোধ করেছি। মাদ্রাসা সূত্রে জানা গেছে, পরীক্ষার জন্য আবাসিক ছাত্রীদের প্রায় সকলেই এখন হোস্টেলে রয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়া এক ছাত্রী বলে, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির প্রায় ৬৫ জন আবাসিক ছাত্রী বুধবার রাতে কথা বলতে বলতে খাবার খাচ্ছিলাম। খাওয়া শেষ হতেই হোস্টেলের মেট্রন তিনজন ছাত্রীকে বাদ দিয়ে বাকিদের ১০০ বার কান ধরে উঠবস করার শাস্তি দেন। এ ঘটনায় অভিযুক্ত মেট্রন রেহেনা বিবির বক্তব্য জানা যায়নি। তবে তিনি অনুতপ্ত বলে জানিয়েছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত