বর্ণাঢ্য উৎসবের মধ্যে দিয়ে বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বর্ষপূতি উদযাপন করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ২৬তম বর্ষপূতি উদযাপনের শুভ সূচনা করা হয়।
পরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং বান্দরবান রিজিয়নের উদ্যোগে একটি সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজারমাঠে গিয়ে সমবেত হয়।
বর্ণিল পোষাকে পার্বত্য এলাকার ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় ও বাঙালিরা ব্যানার এবং ফেস্টুন নিয়ে এ শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
পরে রাজারমাঠে এক আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ ।
এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন জয় তংচঙ্গ্যা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী মুহাম্মদ মাসুম বিল্লাহ, পুলিশ সুপার সৈকত শাহীন, পৌরসভার মেয়র সামসুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লক্ষীপদ দাশ প্রমুখ।
এদিকে শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে রাজারমাঠে বান্দরবান স্বাস্থ্য বিভাগ এবং সেনাবাহিনীর ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স এর আয়োজনে গরিব ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি দুস্থদের শীতবস্ত্র বিতরণ, প্রীতি হ্যান্ডবল ও ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচীর আয়োজন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও সেনাবাহিনী।