আফগান শরণার্থীদের জোর করে দেশে ফেরত পাঠানোর বিরুদ্ধে পাকিস্তান সুপ্রিম কোর্টে শুনানি চলছে। শুনানির আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্টের বিচারপতি আয়েশা এ মালিক পর্যবেক্ষণে বলেছন যে, শরণার্থীদের অধিকার রক্ষায় পাকিস্তান জাতিসংঘের কনভেনশনে আবদ্ধ। সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ অবৈধ আফগান নাগরিকদের নির্বাসনে তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে একটি আবেদন গ্রহণকালে তিনি এসব মন্তব্য করেন। বেঞ্চে বিচারপতি সরদার তারিক মাসুদ ও বিচারপতি ইয়াহিয়া আফ্রিদিও রয়েছেন।
গত মাসে, রাজনীতিবিদ এবং অধিকার কর্মীরা আফগানদের গণনির্বাসনের সিদ্ধান্তকে বেআইনি, অসাংবিধানিক এবং মৌলিক অধিকারের পরিপন্থী বলে ঘোষণা করতে শীর্ষ আদালতের কাছে গিয়েছিলেন।
পাকিস্তান সুপ্রিম কোর্টের আগে জাতিসংঘ একাধিকবার শরণার্থীদের বিষয়ে পাকিস্তানের দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেয়। এরপর নভেম্বরের শেষ সপ্তাহে জাতিসংঘ অনুরোধ করে, এই শীতে অন্তত আফগান শরণার্থীদের যেন বিপদের মুখে ঠেলে না দেয়।
তবে পাকিস্তানে এই আফগানরা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে অভিযোগে তাদের বিতাড়িত করতে চাইছে দেশটির তত্ত্বাবধায়ক সরকার।
পাকিস্তানে আগে থেকেই ৪০ লাখের মতো আফগান নাগরিক আছেন। দেশটির সরকারের দাবি এদের মধ্যে ১৯ লাখই অবৈধভাব অভিবাসী। এছাড়া ২০২১ সালে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর আরও প্রায় ৬ লাখ আফগান পাকিস্তানে পালিয়ে এসেছে।
