ভারতের কেরালায় এক ইসরায়েলি নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার পুরুষ সঙ্গীকে আটক করেছে পুলিশ।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার কেরালায় একটি বাড়িতে সত্তা (৩৬) নামের ওই ইসরায়েলি নারী ও তার ৭০ বছর বয়সী সঙ্গী কৃষ্ণচন্দ্রনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায় স্বজনরা। তারা পুলিশে খবর দেয়, ততক্ষণে সত্তা মারা গেছেন।
পুলিশ জানায়, ওই ইসরায়েলি নারীর গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার পুরুষ সঙ্গীও পেটে ও শরীরেও আঘাত ছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে, যাতে দুজনেই তারা আত্মহত্যা করছেন এমনটা লেখা আছে।
স্বজনদের দাবি, সত্তা ও কৃষ্ণচন্দ্রন পারস্পরিক সম্মতিতে একসঙ্গে থাকতেন। কৃষ্ণচন্দ্রন একজন যোগব্যায়াম প্রশিক্ষক, এই ব্যায়াম শিখতে ভারতে এসে তার সঙ্গে সত্তার প্রেম হয়। এরপর থেকে তারা ১৫ বছর হয় একসঙ্গে আছেন। সম্প্রতি তাদের মধ্যে হতাশা কাজ করছিল। কৃষ্ণচন্দ্রনের বয়স হয়েছে, শরীর সিরোসিসে আক্রান্ত। তিনি সত্তাকে ইসরায়েলে ফেরত যেতে বললেও ,সত্তা রাজি হননি তাকে ছেড়ে যেতে। এরপর দুজনেই সিদ্ধান্ত নেন তারা একসঙ্গে মরবেন!
পুলিশ আপাতত সত্তার মৃত্যুকে হত্যা হিসেবে দেখছে এবং ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা করেছে। একই সঙ্গে কৃষ্ণচন্দ্রনের বিরুদ্ধে ৩০৯ ধারায় আত্মহত্যা চেষ্টার মামলাও করা হয়েছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে পুরো বিষয়টি সমাধান করতে চায় কেরালা পুলিশ।
