আগামী সপ্তাহে বলিউডে আত্মপ্রকাশ করছেন শাহুরুখ কন্যা সুহানা খান। নেটফ্লিক্সে মক্তি পেতে চলেছে কমেডি ফিল্ম 'আর্চিজ'। এই ছবি দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ তনয়া। তবে বলিউডে নাম লেখানোর আগে কম জনপ্রিয়তা নেই সুহানার। ইতিমধ্যেই তার ইন্সটাগ্রামে প্রায় ৪০ লক্ষ ফলোয়ার রয়েছে। তবে শুধু অনুরাগীদের ভালোবাসাই নয় ট্রলকারীদের কু-মন্তব্যের সঙ্গেও মোকাবিলা করতে হয় কিং-খান কন্যাকে।
সম্প্রতি ছবি মুক্তির আগে এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন সুহানা। সেখানে তাকে ট্রলিংয়ের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান এ বিষয়ে কীভাবে প্রতিক্রিয়া দিতে হয় সে ব্যাপারে এখনও অনভিজ্ঞ তিনি। এখনও তিনি ট্রলিংয়ের সঙ্গে মোকাবিলা করার বিষয়টি সঠিক ভাবে জানেন না।
সামাজিক মাধ্যমে করা ট্রলিংয়ের বিষয়ে সুহানাকে জিজ্ঞাসা করা হলে শাহরুখ তনয়া বলেন, কীভাবে নেতিবাচকতা বা সামাজিক মাধ্যম থেকে আসা ট্রলিংয়ের মোকাবিলা করতে হয় তা এখনও আমি শিখছি। এই ধরণের মন্তব্য আমাকে আরও দয়ালু হতে সাহায্য করছে।
এ প্রসঙ্গে শাহরুখ তনয়া আরও বলেন, সত্যি কথা বলতে আমি ট্রলিং-কে ভালোভাবে মোকাবিলা করতে পারি না। যে কোনো অর্থহীন মন্তব্যই আমার কাছে হাস্যকর বলে মনে হয়। তবে আমি যখন অনুরাগীদের সঙ্গে দেখা করি বা বিশেষত মেয়েদের সঙ্গে দেখা করি আর যখন জানতে পারি ওরা আমাকে কতটা ভালোবাসে তা আমার হৃদয় স্পর্শ করে যায়। তাই এই দুই ধরনের মানুষকে আমি আলাদা করতে পারি এবং এটা ট্রলিং নয়, বাস্তবতা।
আগামী ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে 'দ্য আর্চিজ'। সুহানা ছাড়াও এতে অভিনয় করেছেন জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, প্রয়াত শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে খুশি কাপুর। এখানে অগস্ত্যকে আর্চি অ্যান্ড্রুজের চরিত্রে দেখা যাবে, খুশিকে বেটি কুপারের চরিত্রে এবং সুহানাকে ভেরোনিকা লজের চরিত্রে দেখা যাবে।