আফগান শরণার্থীদের জোর করে দেশে ফেরত পাঠানো বন্ধ করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থার শরণার্থী বিষয়ক হাইকমিশনার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে শীত মৌসুমে ১০ লাখেরও বেশি আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠানো বন্ধ করতে বলা হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তান কর্তৃপক্ষ সে দেশে বসবাসরত ১০ লাখ অবৈধ শরণার্থীকে ফেরত পাঠানো অব্যাহত রাখার ঘোষণা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এছাড়াও আফগানিস্তানে ফিরে যাওয়া শরণার্থীদের কল্যাণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
গত মাসের শেষ দিকে বেলুচিস্তানের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী বলেন, তারা অবৈধ শরণার্থীদের বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের অভিযান শুরু করেছেন। সরকার আগামী জানুয়ারির মধ্যে ১০ লাখ অবৈধ শরণার্থীকে বিতাড়িত করার পরিকল্পনা করেছে। গত ৫ অক্টোবর পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার অবৈধ শরণার্থীদের বিতাড়িত করার সিদ্ধান্ত জানায়। এরপর থেকে এখন পর্যন্ত তিন লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ পাকিস্তান ছেড়েছেন।
অন্যদিকে আফগান শরণার্থীদের জোর করে দেশে ফেরত পাঠানোর বিরুদ্ধে পাকিস্তান সুপ্রিম কোর্টে শুনানি চলছে। শুনানির আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্টের বিচারপতি আয়েশা এ মালিক পর্যবেক্ষণে বলেছেন, শরণার্থীদের অধিকার রক্ষায় পাকিস্তান জাতিসংঘের কনভেনশনে আবদ্ধ।
পাকিস্তানে আগে থেকেই ৪০ লাখের মতো আফগান নাগরিক আছেন। দেশটির সরকারের দাবি এদের মধ্যে ১৯ লাখই অবৈধ অভিবাসী। এছাড়া ২০২১ সালে তালিবানরা ক্ষমতায় আসার পর আরো প্রায় ৬ লাখ আফগান পাকিস্তানে পালিয়ে এসেছেন।
